যুক্তরাজ্যের পার্লামেন্টে ঐতিহাসিক ভাষণ
মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চাইলেন সু চি
মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি তাঁর দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সাহায্য চেয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের পার্লামেন্টে দেওয়া এক ঐতিহাসিক ভাষণে এ আহ্বান জানান। সু চি পার্লামেন্টের উভয় কক্ষেই ভাষণ দেন।শান্তিতে নোবেল বিজয়ী এই নেত্রী বলেন, ব্রিটিশ পার্লামেন্টের ওয়েস্টমিনস্টার হলে বক্তব্য দিতে পারাটা একটা ‘বিরল সম্মান’।এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের উভয় কক্ষে ভাষণ দেওয়া প্রথম বিদেশি নারীর গৌরব অর্জন করলেন সু চি। তা ছাড়া অতীতে যেসব বিদেশি নেতা যুক্তরাজ্যের পার্লামেন্টের উভয় কক্ষে ভাষণ দেওয়ার গৌরব অর্জন করেন, তাঁরা প্রায় সবাই ছিলেন রাষ্ট্রপ্রধান। সু চি ছাড়া মাত্র একজন নারীই এই গৌরব অর্জন করেছেন, তিনি হলেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ।ওয়েস্টমিনস্টার হলের এগারো শতকের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মাত্র চারজন বিদেশি নেতা পার্লামেন্টের উভয় কক্ষে ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, পোপ ষোড়শ বেনিডিক্ট, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ও ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট শার্ল দ্য গল।প্রায় দুই হাজার আইনপ্রণেতা ও অতিথির সামনে সু চি বলেন, ‘আমি আজ এখানে দাঁড়িয়ে সংস্কারের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বন্ধুর মতো বাস্তবিক সাহায্য প্রার্থনা করছি, যা কিনা মিয়ানমারের জনগণের জীবনে সমৃদ্ধি ও অপার সুযোগ এনে দিতে পারে।’ তিনি বলেন, ‘আমাদের নিজেদের কর্মকাণ্ড আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তবে যুক্তরাজ্য ও সারা বিশ্বের মানুষের সহযোগিতা আমাদের আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে।’ তবে তিনি বলেন, মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের অগ্রগতি এখনো বন্ধুর। ‘আমার দেশ আজ উন্নয়নের পথে যাত্রার সূচনালগ্নে দাঁড়িয়ে। আমি আমার দেশের সুন্দর ভবিষ্যৎ আশা করি’—বললেন তিনি। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট কার্যালয়ে সু চি বৈঠক করেন। এ ছাড়া ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা পার্কারের সঙ্গে তাঁদের সরকারি বাসভবন ক্লেয়ারেন্স হাউসে সাক্ষাৎ করেন তিনি। এ সময় ক্লেয়ারেন্স হাউসের বাগানে একটি চারা রোপণ করেন সু চি। সু চির সঙ্গে বৈঠককালে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনকে যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মিয়ানমারে সংস্কার-প্রক্রিয়া চলছে। সে প্রক্রিয়া সফল করতে মিয়ানমার সরকারের সঙ্গে আমাদের কাজ করতেই হবে।’ এ সময় সু চিও ক্যামেরনের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। ভবিষ্যৎ নির্মাণে অতীতকে ব্যবহার করতে চাই আমরা।’পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্পিকার জন বারকাউ সু চিকে পার্লামেন্টে অভ্যর্থনা জানান। তিনি সু চিকে ‘একটি দেশের বিবেক ও মানবতার বীর নারী’ বলে অভিহিত করেন।ইউরোপ সফরের অংশ হিসেবে সু চি সবশেষে সফর করবেন ফ্রান্স। ২৬ জুন তিনি প্যারিস যাবেন। এর আগে তিনি আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ডে সফর করবেন। এএফপি ও বিবিসি।