মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারতের সক্রিয় ভূমিকা চান সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি তাঁর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিবেশী দেশ ভারতকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। এ লক্ষ্যে তাঁর নেতৃত্বাধীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অনুরোধ জানিয়েছেন।ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সু চি এসব কথা বলেছেন। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত তার সুনাম ধরে রাখবে। ভবিষ্যতে মিয়ানমার ও ভারতের সম্পর্কের মধ্যে কোনো বাণিজ্যিক স্বার্থ থাকবে না।মিয়ানমারের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের ব্যাপারে সু চি বলেছেন, সামরিক জান্তা থান শয়ের সঙ্গে ভারতের সম্পর্কের বিরোধী নন তিনি। তবে তিনি চান, মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত সক্রিয় ভূমিকা পালন করুক। বিরোধী দল এনএলডির সঙ্গে নয়াদিল্লি আলোচনা করুক—এটাই তিনি চান।শান্তিতে নোবেলজয়ী এই নেত্রী বলেন, ‘মিয়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারত আরও সক্রিয় ভূমিকা পালন করুক, সেটাই আমরা চাই। আমরা চাই, নয়াদিল্লি ও আমাদের মধ্যে আরও সম্পর্ক গড়ে উঠুক।’ইয়াঙ্গুন থেকে টেলিফোনে দেওয়া এই সাক্ষাৎকারে সু চি বলেন, মিয়ানমার ও ভারতের মধ্যকার পররাষ্ট্রনীতি বাণিজ্যকেন্দ্রিক হয়ে পড়েছে। তিনি এই পথ থেকে ভারতকে সরে আসার আহ্বান জানিয়েছেন।সু চি বলেন, সারা বিশ্বে গণতান্ত্রিক প্রক্রিয়ার পৃষ্ঠপোষক হিসেবে ভারতের সুখ্যাতি রয়েছে। এ নিয়ে তারা গর্বও করে। কিন্তু সম্ভবত মিয়ানমারের ক্ষেত্রে তারা বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই ব্যবসায়িক স্বার্থকে পরিহার করে মিয়ানমারের সঙ্গে কাজ করবে ভারত।গত ১৩ নভেম্বর দীর্ঘদিনের গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান সু চি। এর আগে আশির দশকের একটা সময় তিনি ভারতে ছিলেন। সু চির একসময়ের শক্তিশালী সমর্থক ভারত নব্বইয়ের দশকে জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পিটিআই।