মিয়ানমারে গণহত্যা তদন্তে নাগরিক কমিশন গঠন

মিয়ানমারে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত তৈরি এবং এই ইস্যুতে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখতে চাপ দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে নাগরিক কমিশন গঠন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয়। আইনবিদ, শিক্ষাবিদ, চিকিৎসক, মানবাধিকারকর্মী, সাংবাদিকদের নিয়ে গঠিত ৩৫ সদস্যবিশিষ্ট এই কমিশনের চেয়ারম্যান হলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুল হক। সদস্যসচিবের দায়িত্বে থাকবেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
অনুষ্ঠানে বিচারপতি শামসুল হকের সভাপতিত্বে শামসুদ্দিন চৌধুরী নাগরিক কমিশনের উদ্দেশ্য ও বিবেচ্য বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, এই কমিশন রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ তৈরিতে কাজ করবে।
অধ্যাপক অজয় রায় বলেন, নোবেল পাওয়ার পর অং সান সু চি বলেছিলেন, মিয়ানমারে রোহিঙ্গা বলে কিছু নেই। কিছু মুসলমান আছে। এটা মিথ্যা কথন বা এড়িয়ে যাওয়ার চেষ্টা।
অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ঐতিহাসিকভাবেই রাখাইনের বাসিন্দারা আলাদা জাতিসত্তা হিসেবে গড়ে উঠেছে। ভাষাগত মিল বা চেহারাগত সাদৃশ্য দেখে রোহিঙ্গাদের বাংলাদেশি বলার সুযোগ নেই। এই বিভ্রান্তি দূর করতে হবে।
অনুষ্ঠানে নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য কমিটির পক্ষ থেকে একটি আন্তর্জাতিক কমিশন গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে জেনেভায় এই কমিশনের বৈঠকের পরিকল্পনা করছেন তাঁরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান।