মিয়ানমারে জাতিসংঘের তিন কর্মীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে জাতিগত সহিংসতায় জড়িত থাকার অপরাধে জাতিসংঘের স্থানীয় তিন কর্মীর কারাদণ্ড হয়েছে। সরকারি কর্মকর্তারা গতকাল সোমবার এ খবর জানিয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি আদালত গত শুক্রবার এ রায় দেন।জাতিসংঘের শরণার্থী সংস্থার দুই কর্মীর প্রত্যেককে তিন বছর করে সাজা দেওয়া হয়। রাখাইনে অগ্নিসংযোগ ও সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়। এ ছাড়া একই অভিযোগে দোষী সাব্যস্ত করে বিশ্ব খাদ্য কর্মসূচির একজন কর্মীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাঁরা মুক্তি পেতে পারেন একমাত্র মিয়ানমারের প্রেসিডেন্টের ক্ষমার আওতায়। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দুজন মুসলিম ও একজন বৌদ্ধধর্মাবলম্বী।রাখাইন রাজ্যে বৌদ্ধ-মুসলিম দাঙ্গায় গত জুন থেকে এ পর্যন্ত প্রায় ৯০ জন নিহত হয়েছে বলে দেশটির সরকারি সূত্র জানিয়েছে। তবে নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করেছে। দাঙ্গা চলাকালে রোহিঙ্গাদের ওপর নির্যাতন হয়েছে বলে হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে। এএফপি।