মিয়ানমারে তামার খনি সম্প্রসারণের প্রতিবাদে বিক্ষোভ
মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর মনিওয়ার কাছে একটি তামার খনি সম্প্রসারণের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে।বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, পুলিশের হামলায় বেশ কয়েকজন প্রতিবাদকারী আহত হন। পুলিশ তাঁদের কয়েকটি শিবিরেও আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভে স্থানীয় কৃষক, ভিক্ষু ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। তাঁরা বলছেন, ওই খনি সম্প্রসারণ করা হলে অনেক মানুষ উচ্ছেদের শিকার হবে।মনিওয়া এলাকার ওই খনিটি মিয়ানমারের সর্ববৃহৎ খনি। ওই খনি দেশটির সেনাবাহিনী ও চীনের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান নরিনকোর যৌথ মালিকানাধীন। মিয়ানমারে শুরু হওয়া গণতান্ত্রিক সংস্কারের ধারাবাহিকতায় জনগণের বিক্ষোভ প্রদর্শন-সংক্রান্ত আইনে শিথিলতা আনা হয়। তবে এ সপ্তাহে সরকার ওই বিক্ষোভস্থল থেকে প্রতিবাদকারীদের সরে যেতে সময় বেঁধে দেয়।বিবিসি।