মিয়ানমারে সম্প্রতি মুসলিমবিরোধী দাঙ্গায় সম্পৃক্ততার দায়ে দেশটির একটি আদালত এক মুসলমান স্বর্ণ ব্যবসায়ী, তাঁর স্ত্রী ও এক কর্মচারীকে কারাদণ্ড দিয়েছেন। গত বৃহস্পতিবার আদালত ওই রায় দেন। গত মাসের ওই দাঙ্গায় ৪৩ জন নিহত হন। দেশটির গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্র কাইমন-এ প্রকাশিত খবরে বলা হয়, ওই স্বর্ণ ব্যবসায়ী তুন তুনও, তাঁর স্ত্রী মিন্ত মিন্ত আয়ি ও কর্মচারী নেই নেইকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে হামলা ও চুরির অভিযোগ আনা হয়। খবরে বলা হয়, ওই স্বর্ণ ব্যবসায়ীর দোকানে এক নারী ক্রেতার সঙ্গে শুরু হওয়া ঝগড়া ও ক্রেতাকে হামলার ঘটনায় দেশজুড়ে মুসলিমবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে আরও বলা হয়, ক্রেতার সঙ্গে ঝগড়ার ঘটনাই ‘মিকতিলায় দাঙ্গার জন্য দায়ী’।এদিকে দেশটিতে অনেক বৌদ্ধ ভিক্ষু মুসলিমবিরোধী ভাষণ রেকর্ড করে ডিভিডি মারফত পুরো দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এসব বক্তব্য ধর্মীয় উন্মাদনা তৈরি করে দাঙ্গা বাধাতে ভূমিকা রাখছে বলে বিশেষজ্ঞদের ধারণা। প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, মিকতিলার দাঙ্গায় কয়েকজন ভিক্ষু একটি দলের নেতৃত্ব দিয়েছেন। রয়টার্স।