মিয়ানমারে দাঙ্গায় এ পর্যন্ত নিহত ৫০
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গায় এখন পর্যন্ত ৫০ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছে। গতকাল শনিবার দেশটির সরকারি গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। এদিকে সহিংসতায় বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার লোক ‘চরম দুর্ভোগের’ শিকার বলে জানিয়েছে জাতিসংঘ।মিয়ানমারের রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকা নিউ লাইট অব মিয়ানমার এক প্রতিবেদনে বলেছে, গত ২৮ মে থেকে ১৪ জুন পর্যন্ত দাঙ্গায় ৫০ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছে। স্থানীয় বৌদ্ধধর্মাবলম্বী রাখাইন গোষ্ঠীর লোকজন ও রোহিঙ্গা মুসলমানদের মধ্যে ওই ভয়াবহ দাঙ্গা বাঁধে। ৩ জুন যে ১০ জন মুসলিমকে পিটিয়ে মারা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, সে বিষয়ে অবশ্য প্রতিবেদনে কিছু বলা হয়নি। এক রাখাইন তরুণীকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত সন্দেহে প্রতিশোধমূলকভাবে ওই ব্যক্তিদের পিটিয়ে হত্যা করা হয়। আর এ ঘটনা থেকেই দাঙ্গার সূত্রপাত।সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গত বৃহস্পতিবার বলেন, দাঙ্গায় মোট ২৯ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৬ জন মুসলিম ও ১৩ জন বৌদ্ধধর্মাবলম্বী। তবে মানবাধিকার সংগঠনগুলো ও স্থানীয় বিভিন্ন সূত্র নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে দাবি করে আসছিল। এএফপি।