মিয়ানমারে সাম্প্রদায়িক সহিংসতায় ৫০ জন নিহত হওয়ার ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। দেশটির জ্যেষ্ঠ একজন মন্ত্রী গতকাল রোববার এ প্রতিশ্রুতি দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদপত্র নিউ লাইট অব মিয়ানমার এ খবর প্রকাশ করেছে।মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সহিংসতায় ঘরবাড়ি ছেড়ে আসা ১০ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের সীমান্ত ও শিল্পোন্নয়নমন্ত্রী লে. জেনারেল থেইন তে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বলেন, সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ন্যায়বিচার পাবেন। অপরাধ অগ্রহণযোগ্য। পক্ষপাতমুক্ত থেকে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হবে এবং গোলযোগপূর্ণ এলাকায় যত দ্রুত সম্ভব স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে। রাখাইনে বৌদ্ধ ও মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে দাঙ্গায় চলতি মাসের শুরুতে অন্তত ৩০ হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছে। অসংখ্য ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। রাজ্যের রাজধানী সাইত্তে শহরে শরণার্থীদের মধ্যে চাল ও খাবার পানি বিতরণ করা হচ্ছে। তবে প্রত্যন্ত এলাকাগুলোর পরিস্থিতি নিয়ে এখনো উদ্বেগ রয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ওই অঞ্চলের আশ্রয়হীন মানুষ বর্ষাকালের শুরুতে চরম দুর্ভোগে পড়েছে। সহিংসতার ঘটনায় মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায় পরস্পরকে দায়ী করেছে। ওই ঘটনায় মিয়ানমার সরকার গৃহীত সংস্কার উদ্যোগ আড়ালে চলে গেছে। প্রেসিডেন্ট থেইন সেইন বলেন, ওই সহিংসতার ফলে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।ত্রাণ বিতরণ কার্যক্রমে সেনাবাহিনীর পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা অংশ নিচ্ছে। রাখাইন রাজ্যের একজন সরকারি কর্মকর্তা বলেন, ঘরবাড়ি ছেড়ে আসা হাজার হাজার মানুষ তাঁবুতে রাত কাটাচ্ছে। রাজ্যের মন্ত্রী লু চায় বলেন, বাস্তুচ্যুত মানুষের খাবার দেওয়া হচ্ছে। জাতিসংঘের উদ্যোগে ভাতের প্যাকেট সরবরাহ করা হচ্ছে। সাইত্তে শহরে সান্ধ্য আইন জারি করা হয়েছে। জাতিসংঘ জানায়, রোহিঙ্গা মুসলিমরা বর্তমান বিশ্বের সবচেয়ে নিগৃহীত সংখ্যালঘু সম্প্রদায়। মিয়ানমারে প্রায় আট লাখ রোহিঙ্গা বসবাস করে। এএফপি।