মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি গতকাল বুধবার পার্লামেন্ট সদস্য হিসেবে শপথ নিয়েছেন। একই সঙ্গে শপথ নেন তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) অন্য ৩৩ জন নির্বাচিত সদস্য।রাজধানী নেপিডোর পার্লামেন্ট ভবনে সু চিসহ এনএলডির ৩৪ জন সদস্য শপথ নেন। সু চি ও তাঁর দলের পার্লামেন্ট সদস্যদের ঐতিহাসিক এই শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশটির গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় নতুন যুগের সূচনা হলো। ১ এপ্রিল মিয়ানমারে উপনির্বাচন হয়। এতে ৪৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৩টিতে জয়ী হয় এনএলডি। তবে সামরিক জান্তা সরকার প্রণীত সংবিধানে ‘এই সংবিধান সুরক্ষিত’ বাক্য নিয়ে বিশেষ করে ‘সুরক্ষিত’ শব্দ নিয়ে আপত্তি তোলে এনএলডি। সু চি ও তাঁর দলের নির্বাচিত সদস্যরা শপথ নিতে এবং পার্লামেন্টে যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন।কিন্তু গত সোমবার সেনা-সমর্থিত বেসামরিক সরকার-প্রধান থেইন সেইন এনএলডির নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পক্ষে মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, এটা ‘জনগণের চাওয়া’। উপনির্বাচনে ব্যাপক সাফল্যের পর মানুষ তাঁর (সু চি) দলকে পার্লামেন্টে দেখতে চায়। থেইন সেইনের এ মন্তব্যের পরই সু চি তাঁর সিদ্ধান্ত বদল করেন এবং শপথ গ্রহণে রাজি হন।সু চি বলেন, ‘রাজনৈতিক সংকট এড়াতে সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। জনগণের প্রত্যাশার কারণে আমরা আমাদের সিদ্ধান্ত বদল করেছি। ভোটাররা আমাদের পার্লামেন্টে দেখতে চান। তাঁরা এ কারণেই আমাদের ভোট দিয়েছেন।’ এই শপথ গ্রহণের মধ্য দিয়ে সু চি প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য হলেন। তা ছাড়া তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনেও এটি একটি যুগান্তকারী ঘটনা। গত দুই দশকের বেশির ভাগ সময়ই গৃহবন্দী জীবন কাটিয়েছেন এই নেত্রী। তিনিই এখন মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণের পথে প্রধান চরিত্র হয়ে উঠেছেন।শপথ শেষে পার্লামেন্ট ভবন ত্যাগকালে একজন সাংবাদিক সু চির কাছে জানতে চান, শপথ অনুষ্ঠান আবেগঘন ছিল কি না। জবাবে সু চি বলেন, ‘না, এটা ছিল আকর্ষণীয়।’ পার্লামেন্টে তাঁর যোগ দেওয়াটা মিয়ানমারের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা কি না, জানতে চাইলে সু চি বলেন, ‘তা সময়ই বলে দেবে।’ এরপর তিনি গাড়িযোগে নেপিডো বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে ফিরে যান ইয়াঙ্গুনে।সু চির সঙ্গে বান কি মুনের সাক্ষাত্: মিয়ানমার সফররত জাতিসংঘ মহাসচিব বান কি মুন গত মঙ্গলবার সু চির ইয়াঙ্গুনের বাড়িতে তাঁর সঙ্গে সাক্ষাৎকরেন। সু চি আইনপ্রণেতা হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বান কি মুন তাঁকে স্বাগত জানান। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে তাঁর এই সমঝোতার মনোভাবকে তিনি শ্রদ্ধা করেন। সু চিকে বিশ্বব্যাপী মানবাধিকারের আশার প্রতীক হিসেবে আখ্যায়িত করে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘তিনি (সু চি) এই দেশের গণতন্ত্র এবং সবার মানবাধিকার ও উন্নয়নের জন্য সত্যিই একজন শক্তিশালী ও ত্যাগী নেতা। তিনি সারা বিশ্বের সবার মানবাধিকারের আশার প্রতীকে পরিণত হয়েছেন।’ সাক্ষাত্কালে সু চিকে জাতিসংঘ সদর দপ্তর সফরের আমন্ত্রণ জানান বান কি মুন। সু চি এই আমন্ত্রণ গ্রহণ করেন। প্রথম বিদেশি অতিথি হিসেবে জাতিসংঘ মহাসচিব সোমবার মিয়ানমারের পার্লামেন্টে ভাষণও দেন। এএফপি, রয়টার্স।