সু চির সঙ্গে বৈঠকের পর মার্কিন দূত
মিয়ানমারে নির্বাচনের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র ‘খুবই অসন্তুষ্ট’
মিয়ানমারের নির্বাচনের প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্র ‘খুবই অসন্তুষ্ট’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল। গতকাল সোমবার মিয়ানমারের ইয়াঙ্গুনে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।এ নিয়ে ক্যাম্পবেল গত ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার সু চির সঙ্গে বৈঠক করলেন। গত নভেম্বরে সু চির সঙ্গে তিনি প্রথম বৈঠক করেন। ইয়াঙ্গুনের রাষ্ট্রীয় অতিথি ভবনে গতকাল সু চির সঙ্গে এক ঘণ্টা ৪৫ মিনিট বৈঠক করেন ক্যাম্পবেল। বৈঠকে মিয়ানমারের নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের জন্য সু চিকে তাঁর বাড়ি থেকে ওই অতিথি ভবনে নেওয়া হয়। বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি সু চি। তবে তাঁর দলের জ্যেষ্ঠ নেতারা জানান, বৈঠকে মূলত নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে।ক্যাম্পবেল বলেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে যে জান্তা সরকারের প্রতিশ্রুত নির্বাচন আন্তর্জাতিক বৈধতা পাবে না। একটি গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া শুরু করার জন্য আমরা তাদের প্রতি আহ্বান জানাই।মিয়ানমারে যাওয়ার আগে ক্যাম্পবেল সাংবাদিকদের জানান, দেশটির নির্বাচন প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তিনি বলেন, ‘দেশটির নতুন নির্বাচনী আইন ও এর কারণে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে আমরা শঙ্কিত।’সু চির সঙ্গে বৈঠকের আগে তাঁর দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন দূত ক্যাম্পবেল। দলটির শীর্ষপর্যায়ের নেতা উইন তিন বলেন, ‘আসন্ন নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার জন্য ক্যাম্পবেলকে অনুরোধ করেছি। কারণ জান্তা সরকারের এই নির্বাচন আন্তর্জাতিকভাবে কোনো বিশ্বাসযোগ্যতা পাবে না।’ জান্তা সরকারের প্রতি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।মিয়ানমারের নতুন নির্বাচনী আইনের শর্ত না মানায় গত সপ্তাহে সু চির দল এনএলডি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়ে গেছে। দলটির কয়েকজন নেতা অবশ্য ন্যাশনাল ডেমোক্রেটিক ফোর্স নামের একটি দল গঠনের কথা বলছেন। এএফপি, বিবিসি।