মিয়ানমারে পণ্যের গুদামে বিস্ফোরণে নিহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে গতকাল বৃহস্পতিবার ভোরে একটি পণ্যসামগ্রীর গুদামে বড় ধরনের বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭৯ জন। একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।কোনো বোমার কারণে বিস্ফোরণ ঘটেনি উল্লেখ করে ওই কর্মকর্তা জানান, একটি বড় বিস্ফোরণের পরপরই ওই গুদামে আগুন লেগে যায়। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ওই গুদামে রাসায়নিক দ্রব্যসামগ্রী রাখা হয়েছিল বলে জানানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ধারণা করা হচ্ছে ইয়াঙ্গুনের পূর্বাঞ্চলীয় মিঙ্গালার তং নিউন্ত শহরতলিতে মেডিকেল পণ্যসামগ্রীর গুদামে ওই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর বিকট শব্দে আশপাশের লোকজন ঘুম থেকে জেগে ওঠে।প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিস্ফোরণের পরপরই গুদামে আগুন লেগে যায় এবং তা আরও কয়েকটি গুদাম ও আশপাশের প্রায় ৫০টি বাড়িঘরে ছড়িয়ে পড়ে। পরে দমকলকর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এরই মধ্যে ঘটনাস্থল ধ্বংসস্তূপে পরিণত হয়। এখনো ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। অপর এক কর্মকর্তা জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ ও পাঁচজন নারী। এদের মধ্যে চারজন দমকলকর্মীও রয়েছেন। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ১০০ লোককে স্থানীয় একটি মঠে আশ্রয় দেওয়া হয়েছে। গত সপ্তাহে ইয়াঙ্গুনের উত্তরাঞ্চলে আরেকটি বিস্ফোরণে একজন নারী নিহত ও আরও কয়েকজন আহত হয়। এএফপি ও বিবিসি।