মিয়ানমারে পার্লামেন্ট বর্জনের পরিকল্পনা সু চির দলের
মিয়ানমারের বিরোধীদলীয় নেতা অং সান সু চি ও তাঁর ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের নতুন নির্বাচিত নেতারা আগামী সপ্তাহে পার্লামেন্ট বর্জনের পরিকল্পনা করেছেন। গতকাল শুক্রবার এনএলডির একজন মুখপাত্র জানান, তাঁদের আবেদন অনুযায়ী শপথবাক্যে সংবিধান প্রসঙ্গে ‘সুরক্ষা (সেফগার্ড)’ শব্দের বদলে ‘সম্মান (রেসপেক্ট)’ শব্দ না দেওয়ায় তাঁরা পার্লামেন্টে না যাওয়ার কথা ভাবছেন। সাবেক সামরিক জান্তা ‘সেফগার্ড’ শব্দটি আনে।১ এপ্রিলের উপনির্বাচনে ৪৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৩টি আসনে জয়ী হন সু চি ও তাঁর দলের নেতারা। নির্বাচনের পর এই প্রথম সংস্কারপন্থী সামরিক-সমর্থিত সরকারের সঙ্গে এনএলডির বড় ধরনের বিরোধ দেখা দিল।এনএলডির মুখপাত্র নিয়ান উইন গতকাল দলের সদর দপ্তরে সাংবাদিকদের বলেন, কর্তৃপক্ষকে আবেদনটি পুনর্বিবেচনা করতে তাঁরা প্রেসিডেন্টের কার্যালয়ে চিঠি লিখবেন। কিন্তু প্রস্তাবটি আগামী সোমবার পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে উত্থাপন হওয়ার সম্ভাবনা খুব কম।দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন পাঁচ দিনের সফরে গতকাল জাপান গেছেন। তিনি ফিরে আসার পর এনএলডির আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন।কয়েক দশক ধরে দমনপীড়ন চালানো মিয়ানমারের জান্তা সরকার ২০১০ সালের বিতর্কিত নির্বাচনের পর থেকে বেশ কিছু সংস্কার কার্যক্রম ঘোষণা করে। যদিও ওই নির্বাচনের মধ্য দিয়ে একটি বেসামরিক সরকারের আদলে সামরিক বাহিনী-সমর্থিত ব্যক্তিদের ক্ষমতায় এনেছে জান্তা। সংস্কারের অংশ হিসেবে এর মধ্যে সরকার শতাধিক রাজবন্দীকে মুক্তি দিয়েছে। মূলধারার রাজনীতিতে ফিরিয়ে এনেছে সু চির দলকে। দেশটির উত্তরাঞ্চলে এখনো লড়াই চললেও বেশ কিছু বিদ্রোহী দলের সঙ্গে পরীক্ষামূলক শান্তিচুক্তি করেছে সরকার।বিশ্লেষকেরা বলছেন, মিয়ানমার সরকার তাদের বৈধতা অর্জন করতে ও পশ্চিমা অবরোধ শিথিল করতে সু চিকে পার্লামেন্টে নিয়ে এসেছে। শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি বলেছেন, তাঁর অন্যতম অগ্রাধিকার হবে ২০০৮ সালে জান্তা সরকার প্রণীত সংবিধানের সংশোধনী আনা। ওই সংবিধান অনুযায়ী মিয়ানমারের পার্লামেন্টের এক-চতুর্থাংশ আসন অনির্বাচিত সামরিক কর্মকর্তাদের জন্য সংরক্ষিত।এপ্রিলের উপনির্বাচন গণতন্ত্রকে একধাপ এগিয়ে নেবে বলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। মিয়ানমারের সংস্কার কার্যক্রমকে উৎসাহিত করতে তাদের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার বা স্থগিত করবে পশ্চিমা দেশগুলো। জাপানে থেইন সেইন: ২৮ বছরের মধ্যে মিয়ানমারের প্রথম প্রেসিডেন্ট হিসেবে গতকাল জাপান পৌঁছান থেইন সেইন। সফরে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে। বৈঠকের পর মিয়ানমারের ৩০০ বিলিয়ন ইয়েন (৩৭০ কোটি মার্কিন ডলার) ঋণ মওকুফের ঘোষণা দিতে পারে জাপান এবং স্থগিত সহযোগিতা কর্মসূচি নিয়ে আবার আলোচনা শুরু হতে পারে।সফরের সময় জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার কথা থেইন সেইনের। পরিদর্শন করবেন তাপবিদ্যুৎকেন্দ্র। এ ছাড়া আজ শনিবার তিনি জাপান-মেকং সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের আয়োজক জাপানের পাশাপাশি এতে মেকং ব-দ্বীপের দেশ কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম অংশ নেবে। এর আগে ২০০৯ সালে মিয়ানমারের প্রধানমন্ত্রী হিসেবে জাপানের ওই সম্মেলনে যোগ দেন থেইন সেইন। এএফপি।