মিয়ানমারে প্রধানমন্ত্রীসহ ২০ মন্ত্রীর সামরিক পদ থেকে ইস্তফা
মিয়ানমারে চলতি বছরের নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন জান্তা সরকারের প্রধানমন্ত্রীসহ কমপক্ষে ২০ জন মন্ত্রী ও উপমন্ত্রী তাঁদের সামরিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। সামরিক উর্দি ছেড়ে বেসামরিক রাজনীতিবিদের কাতারে এসে নির্বাচনে অংশ নেওয়ার জন্য তাঁরা গত সোমবার পদত্যাগ করেন। সামরিক সূত্র এ কথা জানিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী জেনারেল থেইন সেইন সেনাবাহিনীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি এখন শুধুই থেইন সেইন। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম তাত্ক্ষণিকভাবে এই গণপদত্যাগের কথা নিশ্চিত করেনি। গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে গৃহীত সাত-স্তরবিশিষ্ট রোডম্যাপের অংশ হিসেবে দেশটির জান্তা সরকার চলতি বছর নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। তবে এখনো এর কোনো দিন-তারিখ নির্ধারণ করেনি। বিতর্কিত গণভোটে পাস হওয়া ২০০৮ সালের সংবিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর প্রধান হবেন দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এবং প্রধান প্রধান মন্ত্রণালয় থাকবে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। বিশ্লেষকেরা বলছেন, পার্লামেন্ট সামরিক নীতিনির্ধারকদের একটি রাবার স্ট্যাম্প হিসেবে থাকবে। সেখানে সেনাবাহিনী ও তাদের বেসামরিক প্রতিনিধিদের আধিপত্য থাকবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক রাজনৈতিক দলগুলোর নিবন্ধনসংক্রান্ত আইন মার্চ মাসে ঘোষণা করা হয়। আইন অনুযায়ী বিরোধীদলীয় নোবেলজয়ী নেত্রী অং সান সু চিসহ রাজনৈতিক বন্দীরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। আইনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য না হওয়ায় ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পার্টি থেকে অং সান সু চিকে বহিষ্কারের কথা বলা হয়। সর্বশেষ ১৯৯০ সালে অনুষ্ঠিত নির্বাচনে সু চির দল এনএলডি বিপুল বিজয় লাভ করলেও সামরিক বাহিনী সেই নির্বাচনকে কখনোই স্বীকৃতি দেয়নি। এবারের নির্বাচনে এনএলডি অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।জান্তা সরকার শিগগিরই নিজ দলের নিবন্ধন করবে বলে ধারণা করা হচ্ছে। এই দলের নেতৃত্বে থাকবেন সাবেক সামরিক কর্মকর্তারা। নির্বাচনে সামরিক উর্দিধারী কাউকে অংশ নিতে দেওয়া হবে না। পর্যবেক্ষকরা মনে করছেন, নির্বাচনের মধ্য দিয়ে দেশের ক্ষমতায় একটি সামরিক সমর্থিত সরকার আসবে, যারা প্রকারান্তরে ওই জেনারেলদের ক্ষমতাকেই পোক্ত করবে। রয়টার্স।