মিয়ানমারে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ
বিদ্যুতের দাবিতে রাজপথে বিক্ষোভ করছে মিয়ানমারের মানুষ। টানা পঞ্চম দিনের মতো গতকাল শুক্রবারও দেশটির বিভিন্ন শহরে রাজপথের বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ।বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের হিসাব অনুযায়ী, মিয়ানমারের মাত্র ২৫ ভাগ মানুষ দেশটির জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সুবিধা পায়। গড়ে একজন মিয়ানমারের নাগরিকের জন্য ঘণ্টায় বরাদ্দ মাত্র ১০৪ কিলোওয়াট বিদ্যুৎ। যেসব দেশের মানুষ সবচেয়ে কম বিদ্যুৎ সুবিধা পায় মিয়ানমার তার মধ্যে অন্যতম। দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো সংস্কারের অভাবে জরাজীর্ণ। মেরামতহীন অবস্থায় পড়ে আছে জাতীয় গ্র্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইন।রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, খরার কারণে বর্তমানে বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে এক হাজার ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। যদিও দেশটির বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৫০ মেগাওয়াট।বিদ্যুতের দাবিতে এই আন্দোলন মিয়ানমারের ক্ষমতাসীন সেনা-সমর্থিত সংস্কারপন্থী সরকারের জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মিয়ানমারে খাদ্য ও জ্বালানি তেলের চড়া মূল্যের পাশাপাশি কর্মসংস্থান পরিস্থিতি অত্যন্ত নাজুক। বিশ্লেষকদের আশঙ্কা, বিদ্যুতের দাবিতে মানুষের এই আন্দোলনে নতুন করে এসব বিষয় যুক্ত হলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। রয়টার্স।