মিয়ানমারে বিদ্রোহী দলের সঙ্গে সরকারের অস্ত্রবিরতি চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে একটি বড় সশস্ত্র আদিবাসী বিদ্রোহী দলের সঙ্গে সরকারের প্রাথমিক অস্ত্রবিরতি চুক্তি হয়েছে। গতকাল শনিবার সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা জানা যায়। ওই চুক্তির বরাত দিয়ে থাইল্যান্ড-ভিত্তিক বার্তা সংস্থা শান হেরাল্ডের সম্পাদক খুয়েনসাই জাইয়েন বলেন, গত শুক্রবার মিয়ামারের উত্তর-পূর্বাঞ্চলীয় শান রাজ্যে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে শান স্টেট আর্মি সাউথ নামে একটি মিলিশিয়া গোষ্ঠীর অস্ত্রবিরতি চুক্তি হয়েছে। তাৎক্ষণিকভাবে মিয়ানমারের সরকার বা শান স্টেট আর্মি চুক্তির বিষয়টি নিশ্চিত করেনি। তবে ইরাবতী নিউজের ওয়েবসাইটে বলা হয়েছে, শান রাজ্যের রাজধানী টুয়াঙ্গিতে ওই চুক্তি সই করা হয়। চুক্তিতে অর্থনৈতিক উন্নয়নে সরকারের নিশ্চয়তা ও মাদকবিরোধী যৌথ অভিযানের বিষয়টিও রাখা হয়। খবরে বলা হয়, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে চুক্তির পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গত বছর সাধারণ নির্বাচনের মাধ্যমে মিয়ানমারে বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে সরকারের ওপর সেনাবাহিনীর প্রভাব এখনো রয়ে গেছে বলে বিশ্লেষকদের দাবি। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে মিয়ানমারের বিভিন্ন এলাকায় সংঘর্ষ চলছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ সহিংসতা বন্ধের দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে তাঁরা সেনাদের কথিত মানবাধিকার লঙ্ঘনের অবসানও দাবি করছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত মাসে মিয়ানমারের নেতারা থাই-মিয়ানমার সীমান্তে কয়েকটি বিদ্রোহী আদিবাসী গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা করেন। এসব গোষ্ঠী স্বায়ত্তশাসনের দাবিতে অনেক দিন ধরে লড়াই করে আসছে। অধিকাংশ বিদ্রোহী আদিবাসী গোষ্ঠী সরকারের ওই চুক্তির বিষয়ে একমত হয়েছে। এসব বিদ্রোহী গোষ্ঠীর অন্যতম বৃহত্তম শান স্টেট আর্মি সাউথ এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। থাইল্যান্ড সীমান্তের কাছে এই গোষ্ঠীর হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে।মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা ১৯৪৯ সাল থেকে সেনাদের বিরুদ্ধে লড়ছে। গত জুন থেকে চীন সীমান্তের কাছে কাচিন রাজ্যেও লড়াই ছড়িয়ে পড়েছে। এএফপি।