মিয়ানমারে ভোটার তালিকায় নাম নেই সু চির
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আসন্ন সাধারণ নির্বাচনে ভোট দিতে পারবেন না। গতকাল সোমবার দেশটির যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে তাঁর নাম নেই। সু চির পাশাপাশি তাঁর দুজন সহযোগীকেও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তাঁরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারবেন। আগামী ৭ নভেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন সামনে রেখে সামরিক জান্তা সরকার বেশ কয়েকটি আইন করেছে। এসব আইনের আওতায় সু চির নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যায়। তবে ভোটার তালিকায় নাম না থাকায় সু চির নির্বাচনে অংশ নেওয়ার পথ আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল। দেশটির নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করেছে।১৯৯০ সালের পর এটাই হবে মিয়ানমারের প্রথম সাধারণ নির্বাচন। বিগত নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল ব্যবধানে জয়ী হলেও তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়নি। সামরিক জান্তা নির্বাচনের ফল বাতিল করে দেয়। সেই থেকে গত ২০ বছরের মধ্যে ১৪ বছরই সু চি হয় কারাগারে অথবা গৃহবন্দী হয়ে জীবন কাটাচ্ছেন। দেশ-বিদেশের সমালোচকেরা এ নির্বাচনকে ‘লজ্জাজনক’ অভিহিত করে বলেছেন, এ নির্বাচনের মাধ্যমে সামরিক শাসনকে পাকাপোক্ত করার নীলনকশা করা হয়েছে। ১৯৬২ সাল থেকে মিয়ানমারে সামরিক শাসন বহাল রয়েছে।মিয়ানমারের সাধারণ মানুষ সর্বশেষ ভোট দিয়েছেন ২০০৮ সালের মে মাসে। সে সময় সংবিধান সংশোধনের ওপর একটি গণভোট অনুষ্ঠিত হয়। ওই সময় ভোটার তালিকায় সু চির নাম ছিল। কিন্তু গত মার্চ মাসে একটি নতুন আইন প্রণয়ন করা হয়। এই আইনের আওতায় কেউ কোনো অভিযোগে দোষী সাব্যস্ত হলে তিনি যোগ্য ভোটার হিসেবে পরিগণিত হবেন না। তিনি ভোট দিতে পারবেন না, নির্বাচনেও অংশ নিতে পারবেন না। সু চি যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্যই এ আইন করা হয়েছে। এমন কড়া সমালোচনা হলেও সামরিক জান্তা তার অবস্থান থেকে সরে আসেনি। নির্বাচন কমিশন সু চির পাশাপাশি তাঁর দুজন নারী সহযোগীকেও ভোটার হিসেবে অযোগ্য ঘোষণা করেছে। তাঁরা হলেন কিন কিন উইন ও উইন মা মা। তাঁরা দুজনই সু চির সঙ্গে থাকেন এবং তাঁর দেখাশোনা করেন। ২০০৯ সালের আগস্টে সু চি ও তাঁর দুই সহযোগীকে গৃহবন্দিত্বের শর্ত ভঙের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, যুক্তরাষ্ট্রের এক অনাহূত ব্যক্তিকে তাঁরা আশ্রয় দিয়েছেন, যিনি লেকে সাঁতার কেটে সু চির বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন। বন্দিত্বের শর্ত ভঙের এই অভিযোগে সু চির গৃহবন্দিত্বের মেয়াদ আরও দেড় বছর বাড়িয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি ওই সাজা ভোগ করছেন। নির্বাচন কমিশন অবশ্য গত সপ্তাহে বলেছে, যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন না, ভোটার তালিকা প্রকাশের সাত দিনের মধ্যে তাঁরা আবেদন করতে পারবেন। পিটিআই, এএফপি।