মিয়ানমারে মাদ্রাসায় আগুন, ১৩ শিশুর মৃত্যু
মিয়ানমারের ইয়াঙ্গুনে গতকাল মঙ্গলবার এক মাদ্রাসায় অগ্নিকাণ্ডে ১৩টি শিশু মারা গেছে। পুলিশ একে দুর্ঘটনা হিসেবে বললেও মাদ্রাসার শিক্ষক ও কয়েকজন প্রত্যক্ষদর্শী এটি নাশকতার ঘটনা হতে পারে বলে অভিযোগ করেছেন। দেশটিতে সংখ্যালঘু মুসলিমদের ওপর সম্প্রতি সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধধর্মাবলম্বীদের ব্যাপক সহিংসতার পর এই ঘটনায় নতুন করে উত্তেজনা শুরুর আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের পর পুলিশ ও সেনাসদস্যরা ওই এলাকা ঘিরে রেখেছেন। সরকারের তরফে অগ্নিকাণ্ড নিয়ে সৃষ্ট গুজবে কান না দিতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইয়াঙ্গুনের উত্তরে একটি কবরস্থানে নিহত শিশুদের দাফনকালে শত শত শোকার্ত মানুষ সমবেত হন। কর্মকর্তারা জানান, ভোররাতে একটি মসজিদসংলগ্ন দোতলা ওই মাদ্রাসায় আগুন লাগে। এতে পুড়ে ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ১৩টি শিশু মারা যায়। মাদ্রাসায় ৭৫টি এতিম শিশু ছিল। দেশটিতে গত মাসে নতুন করে সাম্প্রদায়িক দাঙ্গা শুরুর পর মাদ্রাসার দরজাগুলো তালাবদ্ধ করে রাখা হয়। আগুন লাগার পর পুলিশ একটি দরজা খুলে দিলে তা দিয়ে অধিকাংশ শিশু বেরিয়ে আসতে সক্ষম হয়। নিহত শিশুদের বয়স ১৩ থেকে ১৪ বছর। কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিদ্যুতের উচ্চপ্রবাহজনিত কারণে এ আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তবে মাদ্রাসার একজন শিক্ষক বলেন, উদ্ধার তত্পরতা চালানোর সময় তিনি পেট্রলের গন্ধ পেয়েছেন। তাঁর এই কথাকে উদ্ধারকাজে অংশগ্রহণকারী আরও কয়েকজন সমর্থন করেন। গত মাসে মিয়ানমারে সাম্প্রদায়িক সহিংসতা শুরুর পর তা দ্রুত কয়েকটি নগরে ছড়িয়ে পড়ে। মিয়ানমারের রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই সহিংসতায় এখন পর্যন্ত ৪৩ জন নিহত হয়েছে। এএফপি ও বিবিসি।