মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় ‘সত্যিকার গণতন্ত্রের পথ’ তৈরির উদ্যোগ নিতে মার্কিন আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিশন গঠনেরও আহ্বান জানান তিনি।মার্কিন কংগ্রেসে গত বুধবার এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান সু চি। মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় ১৯৮৯ সাল থেকে গত বছরের নভেম্বর পর্যন্ত দফায় দফায় প্রায় ১৫ বছর সু চিকে বন্দী করে রাখে দেশটির সামরিক জান্তা। গত বছরের ১৩ নভেম্বর তিনি মুক্তি পান। এই প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দিলেন সু চি।শান্তিতে নোবেল পুরস্কারজয়ী সু চি বলেন, মিয়ানমারের বর্তমান সরকার যদি সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে কাউকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে না। মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তদন্ত করতে জাতিসংঘের নেতৃত্বে একটি কমিশনকে সমর্থন করার জন্য মার্কিন আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি।বিভিন্ন মানবাধিকার সংগঠনের দেওয়া তথ্যমতে, মিয়ানমারে দুই হাজারেরও বেশি রাজনৈতিক বন্দী রয়েছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের অন্যতম দাবি, এই রাজবন্দীদের মুক্তি। মিয়ানমার এবং দেশটির সামরিক নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।সু চি জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক দূত টমাস ওজেয়া কুয়িনটানাকে মিয়ানমারে প্রবেশ করতে দেওয়ার জন্য সামরিক জান্তার প্রতি আহ্বান জানান। গত বছরের ফেব্রুয়ারির পর টমাসকে মিয়ানমারে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। এ ছাড়া গত মার্চে মিয়ানমার সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রস্তাব বাস্তবায়নে যা করা সম্ভব, তা করতে মার্কিন আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান সু চি।ওই প্রস্তাবে রাজবন্দীদের মুক্তি, তথ্য ও সংগঠন বা সংস্থার স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং রাজনৈতিক মতৈক্যে পৌঁছাতে আলোচনার কথা বলা হয়।সু চির সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের বৈঠক: ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও গত সোমবার ইয়াঙ্গুনে অং সান সু চির সঙ্গে বৈঠক করেছেন। গত বছরের নভেম্বরে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর এই প্রথম ভারতের কোনো শীর্ষ কর্মকর্তা সু চির সঙ্গে যোগাযোগ করলেন।ভারতের কর্মকর্তারা জানান, নিরুপমা রাও ও সু চির মধ্যে এ বৈঠক প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয়। সোমবার এ বৈঠক হলেও মিয়ানমারে ভারতীয় প্রতিনিধিদলের একটি বৈঠক শেষ না হওয়া পর্যন্ত তা প্রকাশ করা হয়নি। গতকাল বুধবার বৈঠকটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এম এম কৃষ্ণা।সু চির সঙ্গে নিরুপমা রাও ছাড়াও প্রতিনিধিদলের আরও তিন সদস্য বৈঠক করেন। তবে পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বৈঠকে যোগ দেননি। এএফপি।