মিয়ানমারে অব্যাহত সংস্কারে সাড়া দিয়ে দেশটির ওপর আরোপিত মার্কিন বিনিয়োগ নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘোষণা দেন। এ ছাড়া সে দেশে নতুন মার্কিন রাষ্ট্রদূতের নামও ঘোষণা করেছেন তিনি।এক বিবৃতিতে ওবামা বলেন, ‘বার্মায় (মিয়ানমার) নির্মম শাসনের অবসান হওয়ায় আমরাও দেশটির প্রতি আমাদের হাত প্রসারিত করেছি। দেশটির গণতন্ত্রের পথে আরও অগ্রসর হওয়া ও জনগণের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বার্মার সঙ্গে আমাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করছি।’মিয়ানমারের অর্থনীতিতে বিনিয়োগ অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্র এখন সে দেশের আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সাধারণ অনুমতিপত্র (লাইসেন্স) ইস্যু করবে। তবে এটা নিশ্চিত করতে হবে যে এ বাণিজ্যিক নিষেধাজ্ঞা শিথিলের ফলে মানবাধিকার লঙ্ঘনকারীরা কোনো সুবিধা ভোগ করবে না।মিয়ানমারে প্রায় ৫০ বছর সামরিক শাসন চলে। গত বছর থেকে দেশটির বেসামরিক সরকার গণতন্ত্রের পথে উত্তরণে সংস্কারকাজ শুরু করে। বিশেষ করে গত এপ্রিলে উপনির্বাচনের মধ্য দিয়ে বিরোধী দলের পার্লামেন্টে প্রত্যাবর্তনের পর দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলে উৎসাহ দেখায় যুক্তরাষ্ট্র।নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্তকর্তা এএফপিকে বলেন, মিয়ানমারে অব্যাহত সংস্কারের স্বীকৃতি হিসেবে বিনিয়োগ নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। তবে ওবামা বলেছেন, আরও সংস্কারে উৎসাহ জোগাতে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আইন বলবৎ থাকবে। সংস্কারকাজ সন্তোষজনক না হলে প্রয়োজনে আবারও তা কঠোর করা হবে।মিয়ানমারের কারাগারে বন্দী রাজনীতিবিদদের মুক্তি দিতে সে দেশের কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ওয়াশিংটনে সফররত মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উন্না মায়ুং লিউইনের সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠককালে তিনি এই চাপ প্রয়োগ করেন। এ সময় মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য দেশটির নতুন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।মিয়ানমারের নতুন বেসামরিক সরকারের ওপর সামরিক বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে। সরকারের শীর্ষ কর্মকর্তাদের অনেকেই সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা।হিলারি বলেন, মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি, খনিজ ও আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলো এখন মিয়ানমারে বিনিয়োগের অবাধ সুযোগ খুঁজতে পারবে বলে উল্লেখ করেন হিলারি।মিয়ানমারে মার্কিন রাষ্ট্রদূত: এদিকে মিয়ানমারে নতুন রাষ্ট্রদূত হিসেবে দেরেক মিশেলকে মনোনীত করেছেন ওবামা। দেরেকের নিয়োগ চূড়ান্ত করতে মার্কিন সিনেটের অনুমোদন লাগবে। দেরক মিশেল মিয়ানমারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছেন। গত ২২ বছরের মধ্যে এই প্রথম মিয়ানমারের জন্য মার্কিন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করা হলো। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ১৯৯০ সালে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে। কিন্তু দেশটির জান্তা সরকার ক্ষমতা হস্তান্তর করেনি বরং সু চিসহ তাঁর দলের বহু নেতা-কর্মীকে কারাবন্দী করে রাখে। এর জেরে দেশটি থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্র অস্ত্র ও বিনিয়োগসহ নিষেধাজ্ঞা আরোপ করে। এএফপি।