মিয়ানমারে মুক্তি দেওয়া হচ্ছে ১১ হাজার বন্দীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে পার্লামেন্ট নির্বাচনের আগে প্রায় ১১ হাজার বন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে মিয়ানমারের সামরিক জান্তা। কর্মকর্তারা গতকাল রোববার জানিয়েছেন, নির্বাচনী ভোট দেওয়ার জন্যই তাঁদের মুক্তি দেওয়া হবে।পরিচয় প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কারাদণ্ডের মেয়াদ শেষ হতে চলেছে—এমন কিছু বন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি আমরা। সাজার মেয়াদ কমিয়ে নির্বাচনের আগে তাঁদের মুক্তি দেওয়া হবে, যাতে তাঁরা ভোট দিতে পারেন।’অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ১১ হাজার বন্দীকে মুক্তি দেওয়া হতে পারে। কিন্তু এই সংখ্যা আরও বাড়তে পারে। যাঁরা মুক্তি পাবেন, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে।তবে এই সঙ্গে কারা অন্তরীণ প্রায় দুই হাজার ২০০ রাজবন্দীকে মুক্তি দেওয়া হবে কি না, সেটা পরিষ্কার নয়।মিয়ানমার টাইমস-এর হিসাব অনুযায়ী, মিয়ানমারে ৪৩টি কারাগার এবং ১০০টি সশ্রম কেন্দ্রে ৫০ হাজারের বেশি মানুষ বন্দী আছে।দীর্ঘ দুই দশক পর আগামী ৭ নভেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় জানিয়েছে, গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চিসহ রাজনৈতিক বন্দীদের মুক্তি না দিলে এ নির্বাচন গ্রহণযোগ্য হবে না।সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) বিলুপ্ত ঘোষণা করেছে জান্তা সরকার। এএফপি।