মিয়ানমারে যাচ্ছেন মনমোহন, সু চির সঙ্গে বৈঠক হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং চলতি সপ্তাহে মিয়ানমারে যাচ্ছেন। প্রায় ২৫ বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই প্রথম মিয়ানমার সফর। সফরকালে তিনি মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করবেন। সু চির দল গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে।অতীতে মিয়ানমারের সাবেক জান্তার সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে ভারত আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হয়েছে। তাই সু চির সঙ্গে মনমোহনের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই ভাবা হচ্ছে। দেশটির গণতন্ত্রপন্থী কর্মীদের সঙ্গে নয়াদিল্লি যে পুনরায় সম্পর্ক দৃঢ় করতে চায়, এটাকে তার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মুখপাত্র নিয়ান উইন জানান, আগামী মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ কারণে নোবেল বিজয়ী সু চির ব্যাংকক সফর পিছিয়ে দেওয়া হয়েছে।মিয়ানমারের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সফরকালে প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গেও বৈঠক করবেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন। আগমী সোমবার রাজধানী নেপিডোতে তাঁরা বৈঠক করবেন। এএফপি।