মিয়ানমারে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা, সহিংসতার বিস্তার
মিয়ানমারে সাম্প্রদায়িক সহিংসতা নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে। দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনের কাছাকাছি এলাকাতেও সহিংসতার খবর দিয়েছে পুলিশ। গত বুধবার শুরু হওয়া এ বৌদ্ধ-মুসলিম সংঘাতে এ পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির কয়েকটি এলাকায় ভ্রমণ-সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের পুলিশ গতকাল মঙ্গলবার জানায়, ইয়াঙ্গুন শহরের উত্তরে অবস্থিত বাগো এলাকায় নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতের ওই সহিংসতায় সেখানে একটি মসজিদ ও বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানান, বাগো এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাদের সারারাত কাজ করতে হয়েছে। তিনি বলেন, নিরাপত্তাকর্মীরা এখনো ওই এলাকা পর্যবেক্ষণে রেখেছেন। তবে সর্বশেষ এ সহিংসতার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।এদিকে ইয়াঙ্গুনে মার্কিন দূতাবাস তার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, চলমান এ সহিংসতা অনেক পক্ষের অনুভূতিকে নাড়া দিয়েছে। ফলে ঝুঁকি এড়াতে মান্দালায় অঞ্চলের পাশাপাশি ইয়াঙ্গুনের ইউজানা প্লাজা এলাকাতেও ভ্রমণ এড়িয়ে চলতে নাগরিকদের ‘কড়া উপদেশ’ দেওয়া হচ্ছে।মিয়ানমারের মিকতিলা এলাকায় গত বুধবার এ সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশটির সংস্কারবাদী বর্তমান সরকারের সামনে এ সহিংসতা মোকাবিলা করা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এর আগে দেশটিতে কয়েক দশক ধরে চলা কঠোর সামরিক শাসনামলে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল থাকলেও বর্তমান প্রেসিডেন্ট থেইন সেইনের আমলে গত দুই বছরে সাম্প্রদায়িক সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠেছে। এর আগে গত বছর রাখাইন রাজ্যে রাখাইন বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিমদের মধ্যে কয়েক দফা সহিংসতায় কমপক্ষে ১৮০ জনের প্রাণহানি ঘটে; বাস্তুচ্যুত হয় এক লাখ ১০ হাজারের বেশি মানুষ। এএফপি।