মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বেড়েছে: অ্যামনেস্টি
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গার পর শত শত মুসলিম রোহিঙ্গাকে আটক করেছে কর্তৃপক্ষ। দাঙ্গার পর সেখানে রোহিঙ্গাদের ওপর অত্যাচার-নির্যাতন আরও বেড়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।বৌদ্ধধর্মাবলম্বী রাখাইন ও রোহিঙ্গা মুসলিমদের মধ্যে জুন মাসে ভয়াবহ দাঙ্গার পর রাখাইন রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে সরকার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একজন মুখপাত্র বলেছেন, তখন থেকে শত শত রোহিঙ্গাকে বিনা বিচারে আটক রাখা হয়েছে।তবে মানবাধিকার সংস্থাটির এই অভিযোগ ভিত্তিহীন ও পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সরকার। রাখাইন রাজ্যসরকারের মুখপাত্র উইন মাইং বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাজ্যের পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এই রাজ্যের যা ঘটছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঠিক এর উল্টো অভিযোগই করছে। কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, ওই রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা থেমেছে বটে, কিন্তু রোহিঙ্গাদের ওপর নির্যাতন থামেনি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের ধরপাকড় ও দমনপীড়ন অব্যাহত রেখেছেন। রোহিঙ্গা মুসলিমদের হত্যা, নির্যাতন ও তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। রাখাইনদের পাশাপাশি নিরাপত্তা বাহিনীও এসব কর্মকাণ্ড চালায়।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক বেনজামিন জাবাকি বিবিসিকে জানান, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। জুনের দাঙ্গার পর ওই এলাকার রোহিঙ্গাদের ওপর সরকারি বাহিনী নির্যাতন চালায়। তা এখনো অব্যাহত রয়েছে।আরাকান প্রকল্পের পরিচালক ক্রিস লেবা বলেছেন, হাজার হাজার মুসলিম রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের অনেকের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। দাঙ্গার পর কিছু কিছু এলাকায় প্রতিদিন রোহিঙ্গাদের গণগ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে।গত মে মাসে এক রাখাইন তরুণীকে ধর্ষণ ও হত্যার জেরে রাজ্যে দুই সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ে। জুনে তা দাঙ্গার আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জরুরি অবস্থা ঘোষণা করে। বিবিসি।