মিয়ানমারে শান্তিপূর্ণ প্রতিবাদ করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনী নিয়ন্ত্রিত মিয়ানমারের পার্লামেন্টে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারসংক্রান্ত একটি বিল পাস করেছে। দেশটির একজন আইনপ্রণেতা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন মিয়ানমারে সম্প্রতি বেশ কিছু সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সংস্কারের সর্বশেষ সংযোজন হচ্ছে এই বিল অনুমোদন।পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য ও রাখাইন ন্যাশনালিস্ট ডেভেলপমেন্ট পার্টির আইনপ্রণেতা আই মাউং বলেন, প্রেসিডেন্ট থেইন সেইন বিলে সই করলে এটি আইনে পরিণত হবে। বিল অনুযায়ী, প্রতিবাদ কর্মসূচির অন্তত পাঁচ দিন আগে কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে হবে। আই মাউং বলেন, বিক্ষোভকারীরা পতাকা ও দলীয় প্রতীক বহন করতে পারবে। তবে তা সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও দূতাবাসে ব্যবহার করা যাবে না। মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের সেই গণবিক্ষোভের চার বছর পর চলতি সপ্তাহে বিলটি পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে। ওই বিক্ষোভে অন্তত ৩১ জন নিহত হন। গ্রেপ্তার করা হয় কয়েক শ ভিক্ষুকে। তাঁদের অনেকে এখনো কারাবন্দী। গত জানুয়ারিতে মিয়ানমারের নতুন পার্লামেন্ট গঠিত হয়। এএফপি।