মিয়ানমারে সংখ্যালঘুদের নিপীড়ন বন্ধের আহ্বান অ্যামনেস্টির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বন্ধ করার জন্য মিয়ানমারের জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দূত টমাস ওজেয়া কুইনতানার মিয়ানমার সফরের সময় গতকাল মঙ্গলবার এ আহ্বান জানানো হলো।জান্তা সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু আন্দোলনকারীদের গ্রেপ্তার, কারাদণ্ড, নির্যাতন ও হত্যা করার অভিযোগ এনেছে অ্যামনেস্টি। গতকাল ব্যাংককে তারা এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সংস্থাটি দাবি করেছে, দুই বছরের গবেষণার মাধ্যমে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।মিয়ানমারে অনেক আদিবাসী গোষ্ঠী রয়েছে। এদের মধ্যে বেশ কয়েকটি গোষ্ঠী নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অস্ত্র হাতে তুলে নেয়। রাজনৈতিকভাবে বাকিরা জান্তাবিরোধী আন্দোলনে জড়িয়ে পড়ে।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মিয়ানমারবিষয়ক গবেষক বেঞ্জামিন জাওয়াকি বলেন, ‘সরকার সংখ্যালঘু আন্দোলনকারীদের কঠোর হাতে দমন করছে। এতে নির্বাচনের আগে ভয় ও দমন-নিপীড়ন আরও বাড়বে।’ জান্তা সরকার ২০১০ সালে সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে, কিন্তু এ জন্য কোনো তারিখ ঘোষণা করেনি।মিয়ানমারের প্রধান বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ২০ বছর আগে দেশটির সাধারণ নির্বাচনে জয়ী হয়। কিন্তু তাদের ক্ষমতায় আসতে দেয়নি সামরিক জান্তা। পাশাপাশি এনএলডি নেত্রীকে গত দুই দশকের বেশির ভাগ সময় গৃহবন্দী করে রাখা হয়েছে। গ্রেপ্তার: মিয়ানমারের জান্তা সরকার চার নারী আন্দোলনকারীকে কারাদণ্ড দিয়েছে। সরকারবিরোধী কর্মীরা গতকাল এ কথা জানান। জন-অসন্তোষ সৃষ্টির অপরাধে ওই চার নারীকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার মিয়ানমারের একটি কারা আদালত এ রায় দেন। গত ৬ অক্টোবর পূর্বাঞ্চলীয় শহর দাগন থেকে ওই নারীদের গ্রেপ্তার করা হয়। এএফপি।