মিয়ানমারে সরকারি তদন্ত কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার তদন্তে সে দেশের সরকার একটি কমিটি গঠন করেছে। গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ কথা বলা হয়েছে।এর আগে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি সে দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রতি ‘সহানুভূতি’ দেখানোর জন্য বৌদ্ধসম্প্রদায়ের লোকদের প্রতি আহ্বান জানান।গত রোববার মিয়ানমারের বৌদ্ধ-অধ্যুষিত রাখাইন রাজ্যে ১০ মুসলমানকে হত্যা করা হয়। তিনজন মুসলমান স্থানীয় এক নারীকে ধর্ষণের পর হত্যা করেছে—এমন অভিযোগের ভিত্তিতে বৌদ্ধরা তাদের হত্যা করে।মিয়ানমারের সরকার বলছে, কমিটি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা তদন্ত করবে এবং তাদের প্রত্যাশা চলতি মাসের শেষ নাগাদ কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। মিয়ানমারে বেসামরিক সহিংসতার ঘটনায় সরকারি তদন্ত কমিটি গঠনের ঘটনা খুবই বিরল।একজন সরকারি মুখপাত্রের বরাত দিয়ে মিয়ানমারের দ্য নিউ লাইট অব মিয়ানমার পত্রিকা বলেছে, মে এবং জুন মাসে সংঘটিত কিছু সংঘবদ্ধ, বেআইনি এবং বিশৃঙ্খল কর্মকাণ্ড রাখাইন রাজ্যের শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।রোববার রাখাইন রাজ্যে শত শত উত্তেজিত মানুষ একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ১০ জন মুসলমানকে হত্যা করে। এক নারীর তিন হত্যাকারী বাসটিতে অবস্থান করছে—এমন ধারণার বশবর্তী হয়ে হামলাটি চালানো হয়। এএফপি।