মিয়ানমারে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রথমবারের মতো যোগ দিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি। রাজধানী নেপিডোয় গতকাল বুধবার এ বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর কুচকাওয়াজে সু চির অংশগ্রহণের মধ্য দিয়ে মিয়ানমারে সরকারের চলমান ‘সংস্কার উদ্যোগে’ তাঁর সমর্থনের বিষয়টিই স্পষ্ট হলো। এ ছাড়া রাজনীতিতে সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতির ইঙ্গিতও পাওয়া গেল। অনুষ্ঠানে প্রায় ছয় হাজার সেনার উপস্থিতিতে সেনাপ্রধান মিন অং লাইং বলেন, জাতিগত বিরোধ বা রাজনৈতিক সংঘাতকালে সেনাবাহিনী জনগণের প্রত্যাশা অনুযায়ী জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখে। মানুষের ইচ্ছা অনুযায়ী দেশকে একটি ‘সুশৃঙ্খল গণতন্ত্রের’ পথে এগিয়ে নিয়ে যেতে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে। মিয়ানমারের স্বাধীনতা দেশটির সব ধরনের জাতি-গোষ্ঠীর জন্যই সমানভাবে প্রযোজ্য। বর্তমানে যে সহিংসতা চলছে, সেনাবাহিনী তার পুনরাবৃত্তি চায় না। মিয়ানমারে বৌদ্ধ-মুসলিম সাম্প্রদায়িক সহিংসতায় গত সপ্তাহে অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছে। এ ছাড়া প্রায় এক হাজার ২০০ মুসলিম বাড়িছাড়া হয়েছে। এ ব্যাপারে সরকার ও সু চির ভূমিকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। দেশটিতে ২০১৫ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সামরিক জান্তার শাসনামলে সু চি দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন। এএফপি, এপি ও বিবিসি।