মিয়ানমারে সহিংসতা ছড়িয়ে পড়ছে
মিয়ানমারের মিকতিলা শহর ছাড়াও অন্যত্র সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়েছে। মধ্য মিয়ানমারের ওহ দি কোন শহর এলাকাতেও মসজিদ ও বাড়িঘরে হামলার খবর পাওয়া গেছে। খবরে বলা হয়, প্রায় ৩০০ জনের মতো লোক গতকাল ওহ দি কোন শহরের একটি মসজিদে হামলা চালায়। এ ছাড়া তারা সেখানকার মুসলমানদের মালিকানাধীন দোকান ও বাড়িঘর ধ্বংস করেছে। মিকতালা এলাকায় অতিরিক্ত সেনা পৌঁছানোর পরপরই এ খবর পাওয়া গেল। মিকতালা শহরে গত বুধবার স্থানীয় মুসলমান ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে চলা এ সাম্প্রদায়িক সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওহ দি কোন শহর ছাড়াও গত কয়েক দিনে বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটেছে। তাতকোন শহরে মসজিদে হামলার খবর পাওয়া গেছে। মিকতালা থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত শহরটির একটি মসজিদে আগুন দেয় হামলাকারীরা। এ ছাড়া পার্শ্ববর্তী ইয়ামেনথিন শহরে একটি মসজিদ ও ৫০টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে।এসব হামলার ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কেউ হতাহত হয়েছে কি না, তা-ও জানা যায়নি।গত সপ্তাহান্তে শুরু হওয়া এ সহিংসতা নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে দেশটির সরকার। সহিংসতা ঠেকানোর চেষ্টায় দাঙ্গা শুরুর পরপরই সরকার উপদ্রুত এলাকায় সেনা মোতায়েন করেছে।সরকারের একজন কর্মকর্তা গতকাল সোমবার বলেন, রোববার রাতে রাজধানীর উত্তর প্রান্তের তাতকোন শহরে দাঙ্গাকালে চারটি বাড়ি ও একটি মসজিদে অগ্নিসংযোগ করা হয়।দেশটির বর্তমান সরকার বিভিন্ন কারাগারে আটক রাজনৈতিক ভিন্নমতাবলম্বী ব্যক্তিদের মুক্তি এবং গণমাধ্যমের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করলেও পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে গত বছরের দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়েছে। এ সমালোচনার রেশ না কাটতেই নতুন করে ওই দাঙ্গা দেখা দিয়েছে। সরকারি হিসাবে গত বছর দাঙ্গায় ১১০ জন নিহত এবং এক লাখ ২০ হাজার লোক গৃহহীন হয়। তাদের অধিকাংশই রোহিঙ্গা মুসলমান।সাম্প্রতিকতম দাঙ্গা শুরু হয় গত বুধবার মিকতিলা এলাকায়। বিবিসি ও রয়টার্স।