মিয়ানমারে সহিংসতার অভিযোগে ৪৪ জন গ্রেপ্তার
পশ্চিম মিয়ানমারের সাম্প্রতিক মুসলিমবিরোধী সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে দুই নারীসহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। রাষ্ট্রীয় প্রচারমাধ্যম গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।
সংঘাতপীড়িত অঞ্চলে প্রেসিডেন্ট থেইন সেইনের সফরের সময়ে সর্বশেষ ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
গত ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর রাখাইন প্রদেশের থানডিউই শহরতলিতে উত্তেজিত বৌদ্ধরা মুসলিমদের ওপর হামলা চালায় ও বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয়। ওই প্রদেশে প্রেসিডেন্ট থেইন সেইনের সফর সত্ত্বেও সংঘাত অব্যাহত থাকে। গাড়ি রাখা নিয়ে বৌদ্ধ অটোরিকশাচালকের সঙ্গে মুসলিম বাড়িওয়ালার কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ বেধে যায়।
উগ্র জাতীয়তাবাদী একদল বৌদ্ধ সন্ন্যাসীর সংগঠন ‘৯৬৯’-এর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের অনেক পোস্টার সংঘাতকবলিত থানডিউই এলাকায় দেখা যায়।
স্থানীয় এক পুলিশ কর্মকতা জানিয়েছেন, হামলার ঘটনায় প্রায় ৮০০ ব্যক্তি জড়িত ছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত এবং পুরো এলাকার ওপর নজর রাখা হয়েছে। ২০১২ সালের জুন থেকে মিয়ানমারের বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে থেমে থেমে চলা সংঘর্ষে এ পর্যন্ত ২৫০ জন নিহত হয়েছে। এএফপি।