মিয়ানমারে বহু বছর ধরেই সংখ্যালঘু মুসলিমদের ওপর সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বীদের সহিংসতা চলছে। গত মাসে নতুন করে সৃষ্ট সহিংসতায় মধ্যাঞ্চলীয় শহর মিকতিলায় নিহত হয় ৪৩ জন। জ্বালিয়ে ও গুঁড়িয়ে দেওয়া হয় ১৩ শতাধিক বাড়িঘর, দোকান ও মসজিদ। গৃহহীন হয় প্রায় ১২ হাজার মানুষ। গত বছর এ রকম আরেক সহিংসতায় নিহত হয়েছিল কমপক্ষে ১৮০ জন।সহিংসতার সময় হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগ ঠেকাতে পুলিশ ব্যর্থ হয়েছে বলে গত সোমবার অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংগঠনটি পুলিশের এই ব্যর্থতা তদন্তেরও আহ্বান জানিয়েছে। কিন্তু এই সহিংসতার নেপথ্য কারণ কী, তা অনুসন্ধান করে দেখেছেন বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক সংবাদদাতা জোনাথন হেড।জোনাথন বলেন, প্রথমে দেখলে মনে হবে যে মিকতিলায় কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। শহরের গোটা এলাকাই মাটিতে মিশে গেছে। ধ্বংসস্তূপে একাকার হয়ে আছে দালানের সব ইট-পাথর ও সিমেন্ট। তবে ভালোভাবে খেয়াল করলে ভবনের দেয়ালগুলোতে থাকা বড় বড় গর্তের চিহ্ন স্পষ্ট দেখা যাবে। এসব মানুষেরই তৈরি। গুঁড়িয়ে দেওয়া দালান ও দোকানমালিক পরিবারগুলোর সদস্যদের কোনো খোঁজ নেই। যাদের দেখা মিলছে, তারা মানুষ নয়, ভাগাড় অনুসন্ধানী কিছু পশু-পাখি। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা মূল্যবান কিছু বের করতেই তারা ব্যস্ত। এ দৃশ্য মিলবেই না বা কেন? শহরে বংশপরম্পরায় বসবাসকারী মুসলিম জনগোষ্ঠীকে যে একেবারে উৎখাত করা হয়েছে।শহরে পোড়া মাটির একটি স্থানে যে কারও নজর আটকে যাবে। এটি সেই স্থান, যেখানে একটি মাদ্রাসা থেকে কমপক্ষে ২০টি শিশুকে ধরে এনে ঝুলিয়ে ও পেট্রলে পুড়িয়ে মারা হয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে থাকা জুতা-স্যান্ডেলের মধ্যে এখনো ভেসে আসছে ভস্ম করে ফেলা দেহের গন্ধ।উইন টেইন নামের সাবেক এক সেনা কর্মকর্তা ও নৃশংসতার প্রত্যক্ষদর্শী জানাচ্ছিলেন তাঁর অভিজ্ঞতার কথা, ‘সামরিক জান্তা আমলের অনেক সহিংস ঘটনারই সাক্ষী আমি। কিন্তু মিকতিলায় যা দেখেছি, তা বিশ্বাস করতে পারছিলাম না। সেখানে আমার সামনেই আটটি শিশুকে মেরে ফেলা হয়।’জনাথন হেড বলেন, মুসলিমদের প্রতি এই নির্মমতার মূলে কাজ করছে তাদের প্রতি বৌদ্ধদের একধরনের অলীক ভীতি ও অসন্তোষ। গত বছর মুসলিমবিরোধী দাঙ্গার উসকানিদাতা ও প্রভাবশালী ভিক্ষু অশিন বিরাথুর ভাষ্যে ফুটে ওঠে সে কথাই।অশিন বলেন, ‘আমরা বার্মার বৌদ্ধরা খুব কোমল প্রকৃতির। তবে আমাদের দেশপ্রেমের ঘাঁটতি রয়েছে। অপর দিকে মুসলমানরা ব্যবসায় ভালো। তারা দেশের যোগাযোগ ও নির্মাণ খাত নিয়ন্ত্রণ করে। এভাবে চলতে থাকলে আমাদের পরিণতি একদিন আফগানিস্তান বা ইন্দোনেশিয়ার বৌদ্ধদের মতোই পোহাতে হবে। বিবিসি।