মিয়ানমারে সাংবাদিকের ২০ বছরের কারাদণ্ড
মিয়ানমারের একটি আদালত একজন সাংবাদিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে এমন দুটি সংগঠন গতকাল বুধবার এ কথা জানায়। ওই নারী সাংবাদিক বিদেশি একটি সম্প্রচারমাধ্যমের হয়ে কাজ করতেন।গত সেপ্টেম্বরে উত্তরাঞ্চলীয় শহর পাকোক্কুর একটি বৌদ্ধ আশ্রম পরিদর্শনের পর ফ্রিল্যান্স সাংবাদিক হ্লা হ্লা উইনকে (২৫) গ্রেপ্তার করা হয়। প্যারিসভিত্তিক রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ও বার্মা মিডিয়া অ্যাসোসিয়েশনের এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।বিবৃতিতে বলা হয়, দেশের ইলেকট্রনিক আইন ভঙ্গের দায়ে গত ৩১ ডিসেম্বর পাকোক্কুর একটি আদালত হ্লা হ্লা উইনকে কারাদণ্ড দেন। উইনের এক সঙ্গীকেও ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।তবে এই কারাদণ্ডের বিষয়টি তাত্ক্ষণিকভাবে মিয়ানমার কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।কারাদণ্ড পাওয়া ওই সাংবাদিক নরওয়ের অসলোভিত্তিক সম্প্রচারমাধ্যম ডেমোক্রেটিক ভয়েস অব বার্মার (ডিভিবি) পক্ষে কাজ করতেন।রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ও বার্মা মিডিয়া অ্যাসোসিয়েশন জানায়, অবৈধভাবে আমদানি করা মোটরসাইকেল ব্যবহারের দায়ে আমদানি-রপ্তানি আইনের আওতায় ওই সাংবাদিককে গত অক্টোবরে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এএফপি।