মিয়ানমারে সেই ধর্ষণ ও হত্যার ঘটনায় দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী এক নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার একজন সরকারি কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ওই নারীকে হত্যার ঘটনার প্রতিশোধ নিতে ৩ জুন বৌদ্ধরা একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ১০ জন মুসলমানকে (রোহিঙ্গা) হত্যা করে। এ ঘটনার জের ধরে রাখাইন রাজ্যে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় বহু মুসলমানের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে পড়ে। সহিংসতা চলাকালে অন্তত ৫০ জনের প্রাণহানি হয়। নারীকে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়। তাদের মধ্যে নিরাপত্তা হেফাজতে একজনের মৃত্যু হয়। বাকি দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ওই সরকারি কর্মকর্তা বলেন, ‘ধর্ষণ, হত্যা ও লুণ্ঠনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে আদালত বলেছেন, মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা সাত দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা অপ্রত্যাশিত। কারণ, ১৯৮৮ সালের পর থেকে দেশটিতে কারও বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো নজির নেই। এএফপি।