মিয়ানমারের সরকারি সেনাদের হামলার পর কারেন জনগোষ্ঠীর দুই হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে। এ ঘটনায় গতকাল রোববার গভীর উদ্বেগ প্রকাশ করেছে দাতাগোষ্ঠী ও মানবাধিকার সংগঠনগুলো।মিয়ানমারের আগের নাম ব্যবহার করা মানবাধিকার সংগঠন ফ্রি বার্মা রেঞ্জার্সের (এফবিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহে মিয়ানমারের সেনাবাহিনী গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে তিনজনকে গুলি করে হত্যা করে, পুড়িয়ে দেয় ঘরবাড়ি। তারা অনেক গ্রামবাসীকে শ্রমিক হতে বাধ্য করে। এতে দুই হাজারের বেশি লোক ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়।সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির পূর্বাঞ্চলে একই ধরনের হামলা চালাচ্ছে। সেখানে ক্ষমতাসীন জান্তা সরকার দশকব্যাপী খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ কারেন বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। থাইল্যান্ডভিত্তিক দাতা সংস্থা কমিটি ফর ইন্টারনালি ডিসপ্লেসড কারেন পিপলের (সিআইডিকেপি) সূত্র মতে, ঘরবাড়ি হারিয়ে বর্তমানে লাখখানেক মানুষ সীমানা পেরিয়ে থাইল্যান্ডের শরণার্থী ক্যাম্পে বাস করছে। কিন্তু গত সপ্তাহের গৃহহীন লোকজন মিয়ানমারের জঙ্গলে লুকিয়ে আছে।বিশ্লেষকেরা জানিয়েছেন, এ বছরের যেকোনো সময় মিয়ানমারে জাতীয় নির্বাচন হতে পারে। জান্তা সরকার এর আগেই বৃহত্তর স্বায়ত্তশাসন চাওয়া কারেন বিদ্রোহীদের নাম-গন্ধ মুছে ফেলে চিন্তামুক্ত থাকতে চায়।কারেন বিদ্রোহীদের বেশ কিছু দল এখনো জান্তা সরকারের সঙ্গে শান্তিচুক্তি করেনি। গত জুন মাসে জান্তা সরকার কারেন বিদ্রোহীদের ওপর অভিযান জোরদার করলে প্রায় চার হাজার গ্রামবাসী পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেয়। খবর এএফপির।