মিয়ানমারে সম্প্রতি বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে চলা সহিংসতার সময় ব্যাপক হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা ঠেকাতে পুলিশ ব্যর্থ হয়েছে বলে গতকাল সোমবার অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংগঠনটি একই সঙ্গে দেশটির সরকারের প্রতি পুলিশের এই ব্যর্থতা তদন্তের আহ্বান জানিয়েছে।নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরডব্লিউ তার অভিযোগের সপক্ষে ওই সব ঘটনার স্যাটেলাইটে ধারণ করা কিছু ছবি প্রকাশ করেছে। এইচআরডব্লিউ বলেছে, ছবিতে দেখা যায়, দেশটির মধ্যাঞ্চলের মিকতিলা নগরের আট শর বেশি ভবন পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ছবিতে পুড়ে যাওয়া এমন কিছু এলাকার দৃশ্যও রয়েছে, যেখানে একসময় জনবসতি ও মানুষের সহায়-সম্পত্তির অস্তিত্ব ছিল।সংগঠনের এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘মিকতিলায় সংঘটিত সহিংসতার দায়ভার এবং এলাকজুড়ে নির্বিচার হত্যাকাণ্ড ঠেকাতে পুলিশের ব্যর্থতা নিয়ে সরকারের উচিত তদন্ত পরিচালনা করা।’গত মাসে দেশটিতে সহিংসতা শুরুর পর তা দ্রুত কয়েকটি নগরে ছড়িয়ে পড়ে। মিয়ানমারের রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী, সহিংসতা শুরুর পর এখন পর্যন্ত ৪৩ জন নিহত এবং এক হাজার তিন শর বেশি বাড়ি ও অন্যান্য ভবন ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সহিংসতায় গৃহহীন হয়েছে প্রায় ১২ হাজার লোক। এইচআরডব্লিউর আরেক কর্মকর্তা এশিয়াবিষয়ক উপপরিচালক ফিল রবার্টসন বলেন, সর্বাধিক ক্ষতিগ্রস্ত মিকতিলায় উল্লেখসংখ্যক মুসলমান বসবাস করত। তিনি বলেন, ‘মিকতিলায় সহিংসতা শুরুর পর তা কয়েক দিন ধরে চলতে দেওয়া হয়েছে। আমাদের নিজস্ব ও অন্য সূত্র থেকে পাওয়া তথ্যে যথেষ্ট প্রমাণ রয়েছে যে পুলিশ এই সহিংসতা অব্যাহত থাকতে দিয়েছে এবং তারা এটি থামাতে কোনো ব্যবস্থা নেয়নি।’ এএফপি।