মিয়ানমার সফররত মার্কিন সিনেটর জন ম্যাককেইন দেশটিকে সতর্ক করে দিয়ে বলেছেন, সেখানকার সেনাসমর্থিত নতুন সরকার গণতান্ত্রিক সংস্কারে ব্যর্থ হলে মিয়ানমারেও মধ্যপ্রাচ্যের মতো বিপ্লব ঘটতে পারে।তিন দিনের সফরের শেষ দিনে গতকাল শুক্রবার ম্যাককেইন সাংবাদিকদের বলেন, ‘পরিবর্তনের যে হাওয়া বইছে, তা কেবল আরব বিশ্বের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যেসব দেশের সরকার এখন পরিবর্তনের প্রক্রিয়া থেকে দূরে থাকবে, ভবিষ্যতে তাদের বিপ্লবের মুখোমুখি হতে হবে।’২০ বছরের মধ্যে প্রথম নির্বাচনের পর গত মার্চে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে মিয়ানমারের জান্তা। তবে এই সরকার সেনাসমর্থিত বলে বিশ্লেষকদের অভিমত। ওই পরিবর্তনের পর দেশটির রাজনৈতিক অবস্থা মূল্যায়নের জন্য সেখানে যান ম্যাককেইন।ম্যাককেইন বলেন, ‘সু চির সর্বশেষ সফর পরিকল্পনা ভণ্ডুল হয়েছে সহিংসতায়। আবার যাতে সে রকম কিছু না ঘটে, তা প্রতিরোধ করাই হবে এ সরকারের সক্ষমতা ও সদিচ্ছার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।’পরমাণু অস্ত্র অর্জনের সামর্থ্য নেই: মিয়ানমারের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা ম্যাককেইনকে জানিয়েছেন, পরমাণু অস্ত্র অর্জনের মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। বুধবার ম্যাককেইনের সঙ্গে বৈঠকের সময় ভাইস প্রেসিডেন্ট তিং অং মিন্ত বলেন, ‘পরমাণু অস্ত্র অর্জন ও তা রক্ষণাবেক্ষণের মতো অর্থনৈতিক সামর্থ্য মিয়ানমারের নেই।’ রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানায়। এএফপি।