প্রেসিডেন্ট থেইনের থাইল্যান্ড সফর স্থগিত
মিয়ানমারের অভিবাসীদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার আশ্বাস সু চির
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি থাইল্যান্ডে তাঁর দেশের অভিবাসী শ্রমিকদের সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দক্ষিণাঞ্চলীয় মাহাচাইতে সমাবেশে মিয়ানমারের অভিবাসী শ্রমিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে থাইল্যান্ড সফরে গেছেন সু চি; যদিও পূর্ব এশিয়াবিষয়ক বিশ্ব অর্থনৈতিক ফোরামের এ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের। কিন্তু সু চির সফরের কারণেই থেইন সেইন তাঁর পূর্বনির্ধারিত থাইল্যান্ড সফর স্থগিত করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রেসিডেন্টের সফর স্থগিতের বিষয়ে মিয়ানমার সরকার কোনো ব্যাখ্যা দেয়নি; শুধু বলেছে, প্রেসিডেন্টের থাইল্যান্ড সফর আগামী সপ্তাহ পর্যন্ত স্থগিত করা হয়েছে।সু চি বলেন, ‘আপনারা (অভিবাসী) হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। ইতিহাস পরিবর্তিত হচ্ছে। আমি শুধু এই প্রতিশ্রুতি দিতে চাই, আপনাদের জন্য সর্বোচ্চটাই করার চেষ্টা করব।’সু চিকে একনজর দেখা ও তাঁর বক্তব্য শোনার জন্য হাজার হাজার অভিবাসী মাহাচাইতে জড়ো হন। অভিবাসীদের অনেকের হাতেই ছিল সু চির পোস্টার। তাঁদের সঙ্গে থাকা ব্যানারে ইংরেজি ও বার্মিজ ভাষায় লেখা ছিল ‘স্বাধীন বার্মা (মিয়ানমার)’ এবং ‘আমরা বাড়ি যেতে চাই’। সমাবেশে উপস্থিত ছিলেন অভিবাসী শ্রমিক পাহয়ি। ছয় বছর ধরে তিনি থাইল্যান্ডে আছেন। তিনি বলেন, ‘আমার খুব আনন্দ হচ্ছে ও কান্না পাচ্ছে। আমার বিশ্বাস, মিয়ানমারে গণতন্ত্র আসবে।’থাইল্যান্ডে ধানকলের শ্রমিক হিসেবে কাজ করা অং হটান (২৮) বলেন, ‘এখানে কাজ করা অধিকাংশ শ্রমিক বাড়ি যেতে চায়, কিন্তু দেশে কর্মসংস্থানের সুযোগ না থাকায় জীবনযাপন নিয়ে অনিশ্চয়তার মুখে পড়তে হবে।’সমাবেশ শেষে শান্তিতে নোবেলজয়ী সু চি সাংবাদিকদের বলেন, ‘অভিবাসীদের প্রায় সবাই একটি কথাই বলেছেন, তাঁরা শিগগিরই দেশে ফিরতে চান। তাঁদের এই আকাঙ্ক্ষা পূরণ করা অবশ্যই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।’গণতন্ত্রপন্থী এই নেত্রীর থাইল্যান্ড সফর প্রসঙ্গে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অধ্যয়নকেন্দ্রের গবেষক পাভিন চাচাভালপংপান বলেন, মিয়ানমারের প্রবাসী নাগরিকদের সঙ্গে সম্পর্ক ‘পুনঃস্থাপনের’ উদ্যোগ নিয়েছেন সু চি। থাইল্যান্ডে মিয়ানমারের নির্বাসিত অনেক ব্যক্তি রয়েছে। দেশটিতে মিয়ানমারের ভিন্নমতাবলম্বী ও অভিবাসী শ্রমিকের সংখ্যাও প্রচুর। এদিকে থাইল্যান্ড সফর শেষে সু চি মিয়ানমারে ফিরবেন। সেখান থেকে জুনে তাঁর ইউরোপের কয়েকটি দেশ সফরের কথা রয়েছে। এর মধ্যে নরওয়েও আছে। নোবেল পুরস্কার গ্রহণের জন্য তিনি ওই দেশে যাবেন। ১৯৯১ সালে শান্তিতে নোবেল পান সু চি। এ ছাড়া যুক্তরাজ্যে সু চি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। ২১ জুন যুক্তরাজ্যের পার্লামেন্ট তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিবিসি, এএফপি।