মিয়ানমারের ওপর অবরোধ বজায় রাখার আহ্বান এনএলডির
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দেশটির ওপর পশ্চিমা দেশগুলোর অবরোধ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। এনএলডির মতে, পশ্চিমা অবরোধ জান্তা সরকারের ওপর প্রভাব ফেললেও এতে জনগণের কোনো ক্ষতি হয় না। এনএলডির ভাইস চেয়ারম্যান তিন উ বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখেছি। পশ্চিমা অবরোধ জান্তা সরকারের নেতা ও তাঁদের ব্যবসায়ী সহযোগীদের ওপর প্রভাব ফেলেছে। অবরোধ বেশির ভাগ জনগণেরই কোনো সমস্যায় ফেলে না।’ তিনি এ ব্যাপারে আর বিস্তারিত কিছু বলেননি। তবে এনএলডি গবেষণা করে ও অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলে এ তথ্য পেয়েছে বলে জানান তিনি। এনএলডির এ ঘোষণা ক্ষমতাসীন জান্তা ও মিয়ানমারের প্রাকৃতিক সম্পদে বিনিয়োগে আগ্রহী পশ্চিমা বিনিয়োগকারীদের প্রতি এক ধরনের আঘাত বলে মনে করা হচ্ছে। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চাপ দিতে জান্তাশাসিত এই দেশটির ওপর অবরোধ অব্যাহত রেখেছে পশ্চিমা দেশগুলো।১৯৯০ সালের নির্বাচনে এনএলডি জয়লাভ করলেও দলটির হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর গত ১৩ নভেম্বর মুক্তি পান দলটির নেত্রী সু চি। মুক্তির পাওয়ার পর পর সু চি ইঙ্গিত দিয়েছিলেন, পশ্চিমা অবরোধ প্রত্যাহারের জন্য তিনি সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কথা বলবেন। অবরোধ প্রত্যাহারের জন্য তাদের কাছে সুপারিশও করবেন তিনি।বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের অবরোধ মিয়ানমারের জান্তা নেতাদের সম্পদ বা তাঁদের বিলাসবহুল জীবনে কোনো প্রভাব ফেলছে না। তবে পারমাণবিক সক্ষমতা অর্জনের জন্য তারা যে গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে, অবরোধের মাধ্যমে তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যেতে পারে। বিশ্লেষকদের মতে, পশ্চিমা অবরোধকে সু চি এক ধরনের ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে পারেন। দেশটিতে রাজনৈতিক পরিবর্তন আনার জন্য জান্তার সঙ্গে আলোচনার ক্ষেত্রে একে তিনি ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করবেন। আবার অনেকের মতে, রাজনৈতিক সংস্কার সফল করতে জান্তা ও পশ্চিমা দেশগুলোর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে সু চি কাজ করতে পারেন।এনএলডির প্রতি মিয়ানমারের জনগণের ব্যাপক সমর্থন থাকলেও বর্তমানে দলটির রাজনৈতিক ভূমিকা নেই। কঠোর নির্বাচনী আইনের কারণে দলটি গত ৭ নভেম্বরের নির্বাচনে অংশ নিতে পারেনি। রয়টার্স।