মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত ইইউ সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের ওপর থেকে শুধু অস্ত্র ছাড়া বাকি সব নিষেধাজ্ঞা তুলে নিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো নীতিগতভাবে সম্মত হয়েছে। ইইউর কূটনীতিকেরা গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। তবে দেশটির ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিতে আরও বছর খানেক সময় নেবে সংস্থাটি। মিয়ানমারের রাজনীতিতে টানা সংস্কারের পরিপ্রেক্ষিতে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন চলতি সপ্তাহে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে সংস্থার সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের সামনের দিকে এগিয়ে যেতে মিয়ানমারের সঙ্গে অংশীদারের সম্পর্ক গড়ে তোলা উচিত।’ তিনি আরও বলেন, ‘আশা করি মিয়ানমারে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে, তা দেশটিকে এগিয়ে যাওয়ার সুযোগ এনে দিয়েছে। আমরা এখন দেশটির সঙ্গে কার্যকর একটি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে পারি।’ দেশটির রাজনৈতিক সংস্কার-প্রক্রিয়া এগিয়ে নিতে এবং অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে সহযোগিতামূলক এ সম্পর্ক কার্যকর ভূমিকা রাখবে। ক্যাথেরিন অ্যাস্টন ২৮ থেকে ৩০ এপ্রিল মিয়ানমার সফরে যাচ্ছেন। ইইউভুক্ত দেশগুলো মিয়ানমারের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিতে আরও ১২ মাস সময় নিয়েছে। সংস্থাভুক্ত দেশগুলোর মধ্যে অনুষ্ঠিত আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত এক কূটনীতিক নাম না প্রকাশ করার শর্তে বলেছেন, ‘এই ১২ মাসে আমরা মিয়ানমারের সংস্কার কার্যক্রম পর্যালোচনার সুযোগ পাব।’ তবে আগামী সোমবার লুক্সেমবার্গে অনুষ্ঠিত হতে যাওয়া সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময়কাল ছয় মাস কমিয়ে আনা হবে বলে আশা করা হচ্ছে। মিয়ানমার সফরে যাওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও দেশটির বিরোধী নেত্রী অং সান সু চি গত সপ্তাহে এক যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক মহলের প্রতি দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। এর পরপরই ইইউভুক্ত দেশগুলো সামরিক জান্তা-নিয়ন্ত্রিত দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার উদ্যোগ নেয়। থেইন সেইন গত বছর প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর মিয়ানমারের রাজনীতিতে একের পর এক সংস্কার সাধন করে পর্যবেক্ষকদের তাক লাগিয়ে দেন। এমনকি তিনি গণতন্ত্রপন্থী নেত্রী সু চি ও তাঁর দলকে রাজনীতির মূল ধারায় ফিরিয়ে আনেন এবং শত শত রাজনৈতিক বন্দীকে মুক্তি দেন। কিন্তু তার পরও দেশটির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল ছিল। কারণ, আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারে এসব সংস্কারের স্থায়িত্ব নিয়ে সন্দিহান ছিল। এএফপি।