মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে সফররত মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি তাঁর দেশের ওপর থেকে সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই আহ্বানে সাড়া দিয়ে কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র সরকার মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন এবং পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার শয়ে মানের মালিকানাধীন মার্কিন সম্পদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।এদিকে গতকাল বুধবার বিকেল পাঁচটায় (বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত তিনটায়) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সু চির বৈঠক করার কথা। সেখানেই সু চিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘কংগ্রেশনাল গোল্ড মেডেল’ দেওয়ার কথা।এর আগে গত মঙ্গলবার (বাংলাদেশ সময় অনুযায়ী গতকাল বুধবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠকে মিয়ানমারের ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান সু চি। শান্তিতে নোবেল বিজয়ী সু চি ১৮ দিনের ঐতিহাসিক সফরে গত সোমবার যুক্তরাষ্ট্র পৌঁছান। তিনি ২০০৮ সালে ‘কংগ্রেশনাল গোল্ড মেডেল’ লাভ করেন। কিন্তু ওই সময় গৃহবন্দী থাকায় এই সম্মাননা গ্রহণের সুযোগ পাননি।মিয়ানমারের জান্তা সরকারকে চাপের মুখে রাখতে দীর্ঘ দিন ধরে অবরোধের পক্ষে কথা বলে এসেছেন সু চি।মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন রাজনৈতিক সংস্কার শুরু করায় গত জুলাইয়ে দেশটির ওপর থেকে মার্কিন বিনিয়োগে অবরোধ শিথিল করা হয়।হিলারির সঙ্গে বৈঠক শেষে সু চি ‘গণতন্ত্রের পথে উত্তরণে মিয়ানমারকে সমর্থন অব্যাহত রাখায়’ যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। তাঁর দেশে চলমান সংস্কার এগিয়ে নিতে অবরোধ রাখার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।এদিকে আগামী সপ্তাহে প্রেসিডেন্ট থেইন সেইনের নিউইয়র্ক সফরের কথা রয়েছে। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। এএফপি।