মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র সরকার মিয়ানমারের ওপর থেকে আরেক দফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এদিকে মিয়ানমারের উপনির্বাচনে বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বড় ধরনের জয় পাওয়ায় চাপের মুখে পড়েছে সেনা-সমর্থিত ক্ষমতাসীন দল। তারা কৌশল পরিবর্তন করবে বলে জানিয়েছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, মিয়ানমারের ওপর থেকে অর্থনৈতিক ও ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এটা হলে মিয়ানমারের সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্র সফর করতে পারবেন। ইউরোপীয়ইউনিয়নের নেতারা গত বুধবার বলেছেন, তাঁরাও একই ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।মার্কিন পররাষ্ট্রমন্ত্রীমিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের ‘নেতৃত্ব ও সাহসের’ প্রশংসা করেন। তিনি বলেন, মিয়ানমারে যে অগ্রগতি হয়েছে আমরা তার পূর্ণ সমর্থন জানাচ্ছি এবংএর প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখবো।ক্ষমতাসীন দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) স্বীকার করেছে, ২০১৫ সালের সাধারণ নির্বাচনে ভরাডুবি ঠেকাতে তারা অবশ্যই নিজেদের পুনর্গঠিত করবে। সে ক্ষেত্রে গণতন্ত্রপন্থী ভাবনা ও রাজনীতি তারা চালু করতে পারে।সেনা-সমর্থিত ইউএসডিপির নেতা সো মিন (৪৯) বলেন, ‘এ রকম একক প্রতিদ্বন্দ্বিতার পর নিজেদের নিয়ে পর্যালোচনা করা হবে এটাই স্বাভাবিক।’ সাবেক এই সেনা কর্মকর্তা সু চির আসনে নির্বাচন করে হেরেছেন। তিনি বলেন, ‘যেসব ক্ষেত্রে আমাদের সংশোধন হওয়া উচিত, সেসব ক্ষেত্রে আমরা সংশোধিত হব। আর যেসব ক্ষেত্রে আমাদের যা করণীয়, তা-ই করব।’উপনির্বাচনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল এনএলডি ঈর্ষণীয় সাফল্য পেয়েছে। ৪৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৩টি আসনেই জয় পেয়েছে। এই ফলাফল থেকে এখন সবার মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, তা হলো—‘তাহলে মিয়ানমার কি খুব দ্রুত বদলে যাচ্ছে?’ইউএসডিপির মহাসচিব হিতাই উ ভয়েস অব আমেরিকার বার্মিজ বিভাগকে বলেন, তাঁদের দলের পরিবর্তন দরকার।’৬৬৪ আসনের পার্লামেন্টের মাত্র সাত শতাংশ আসনে উপনির্বাচন হয়। কিন্তু নির্বাচনে এনএলডির বিশাল সাফল্য এটাই প্রমাণ করেছে, মিয়ানমারের মানুষ গণতন্ত্রের জন্য মুখিয়ে আছে। তারা রাজনীতিতে সামরিক শাসকদের চায় না।সু চির প্রস্তাবিত সংস্কার কার্যক্রমের অন্যতম হলো ২০০৮ সালের সংবিধান সংশোধন করা। তখন জান্তা সরকারের তত্ত্বাবধানে এই সংবিধান প্রণয়ন করা হয়েছিল। বর্তমান সংবিধানে পার্লামেন্টের একটা নির্দিষ্ট সংখ্যক আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত করা আছে। উপনির্বাচনের সপ্তাহ খানেক আগেও সেনাপ্রধান জেনারেল মিন অং হায়িং সংবিধান অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন। কিন্তু সু চি ২ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ভিন্নমত পোষণ করে বলেন, সেনাবাহিনীকে অবশ্যই বুঝতে হবে, দেশের ভবিষ্যৎ মানে তাদেরই ভবিষ্যৎ, দেশের সংস্কার মানে তাদেরই সংস্কার। এএফপি ও বিবিসি।