মিয়ানমারের কারাগারে বন্দীদের অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত স্বাস্থ্যসুবিধাসহ অন্যান্য দাবিতে মিয়ানমারে প্রায় ৩০ জন রাজনৈতিক বন্দী অনশন করছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক একটি সংগঠন গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে।যুক্তরাষ্ট্রের ক্যাম্পেইন ফর বার্মা (ইউএসসিবি) জানায়, এক সপ্তাহ আগে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে সাতজন নারী অনশন শুরু করেন। সাধারণ ক্ষমার আওতায় রাজনৈতিক বন্দীদের অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে তাঁরা ওই অনশন শুরু করেন। পরে উন্নত স্বাস্থ্যসুবিধাসহ ছয় দফার দাবিতে গত সোমবার তিন বৌদ্ধ ভিক্ষুসহ আরও ২২ জন পুরুষ বন্দী তাঁদের সঙ্গে অনশনে যোগ দেন।ইউএসসিবির নির্বাহী পরিচালক অং দিন বলেন, বার্মার (মিয়ানমারের সাবেক নাম) কারাগারগুলো বসবাসের নরক বলে পরিচিত। সেখানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য, খাওয়ার পানি, স্বাস্থ্যসুবিধাসহ বসবাসের উপযোগী পরিবেশ নেই। কারাগারের কক্ষগুলোতে মশা, ছারপোকা, মাছি ও পিঁপড়ার ব্যাপক উপদ্রব। তিনি বলেন, কারারক্ষীরা বন্দীদের সঙ্গে পশুর মতো আচরণ করে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি প্রায় দুই হাজার রাজনৈতিক বন্দীকে মুক্তি দিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।গত সপ্তাহে মিয়ানমার সাধারণ ক্ষমার আওতায় কয়েক হাজার বন্দীকে মুক্তি দেয়। কিন্তু তাঁদের অধিকাংশই সাধারণ অপরাধী। এএফপি।