মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ‘ভয় থেকে মুক্ত’ থাকার জন্য দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মানুষকে গণতন্ত্রের পথে অবিচল থাকার কথা বলেছেন। এক নির্বাচনী প্রচারণায় সু চি এ আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার ওই নির্বাচনী প্রচারণার একটি ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ইউটিউব এবং ফেসবুকে পাওয়া যাচ্ছে। ওই নির্বাচনী প্রচারণায় সু চি বলেন, ‘যতক্ষণ মানবাধিকারের পাশাপাশি জনগণের ভয় থেকে মুক্তি না ঘটবে, ততক্ষণ একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না। এটি করা না গেলে উন্নয়নও হবে না।’ সু চির যে ভিডিও ফাঁস হয়েছে এর শিরোনাম ছিল তাঁর পরিচিত রাজনৈতিক স্লোগান ‘ভয় থেকে মুক্তি’।ভিডিওতে সু চি বলেন, ‘কেবল আইনের শাসনের অধীনেই জনগণ সত্যিকার অর্থে মুক্তির স্বাদ অনুভব করতে পারে। এর মাধ্যমেই আইনি সুরক্ষা অর্জিত হয়।’ ফাঁস হওয়া এ ভিডিও কাটছাঁট করে মিয়ানমার কর্তৃপক্ষ। সু চি অভিযোগ করেছিলেন, বক্তব্যের যে অংশে সাবেক সামরিক জান্তার সমালোচনা করা হয়েছে, তা বাদ দেওয়া হয়।এদিকে সু চির ভিডিও বক্তব্য তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন প্রচার করার কথা। সু চি তাঁর বক্তব্যে অনির্বাচিত সামরিক ব্যক্তিদের প্রতি ইঙ্গিত করে বলেন, ২০০৮ সালে জান্তা সরকার সংবিধানের যে খসড়া প্রণয়ন করেছে, তা ছিল অগণতান্ত্রিক। সরকারি কর্মচারীদের বেতন বাড়লমিয়ানমারের সেনাসমর্থিত ক্ষমতাসীন সরকার দেশটির সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর ফলে সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ হবে। নতুন ঘোষিত বেতন স্কেল আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। অর্থ মন্ত্রণালয় বলছে, বেতনভুক সরকারি কর্মচারী এবং সামরিক ব্যক্তিদের বেতন আগামী ১ এপ্রিল থেকে মাসে ৩০ হাজার কিয়াত (৩৮ ডলার) পর্যন্ত বাড়বে। যেদিন থেকে বেতন বাড়বে, ঠিক সেদিনই (১ এপ্রিল) দেশটির পার্লামেন্টের ৪৮টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন অং সান সু চি।সরকারের বিভিন্ন বিভাগ এবং সংস্থার সর্বনিম্ন বেতনভোগী কর্মীরা বর্তমানে দিনে এক হাজার ১০০ কিয়াত পান। নতুন বেতন স্কেলে তাঁরা দিনে অতিরিক্ত আরও এক হাজার কিয়াত পাবেন।মিয়ানমারের সরকারি কর্মচারীদের সংখ্যা দেশটির মোট জনসংখ্যার ৩ দশমিক ৩ শতাংশ। দেশের অন্য পেশাজীবীদের তুলনায় সরকারি কর্মচারীদের বেতন তুলনামূলকভাবে অনেক কম। এর ফলে অনেকেই বেঁচে থাকার জন্য দুর্নীতির আশ্রয় নেন।সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ বাড়ানোর পেছনে উদ্যোগী ভূমিকা রেখেছেন সাবেক ৩ নম্বর সামরিক জান্তা ও বর্তমানে দেশটির নিম্নকক্ষের স্পিকার সিউ মান। গত ফেব্রুয়ারি মাসে সিউ মান এমপিদের উদ্দেশে বলেন, ‘আমাদের অবশ্যই যথেষ্ট উচ্চ বেতন দিতে হবে স্কুলের শিক্ষক, পুলিশ, সৈনিক এবং সরকারি কর্মচারীদের।’ তিনি বলেন, এটি করা না গেলে এসব পেশাজীবী মানুষ আয়ের ঘাটতি পূরণের জন্য এমন পন্থা বেছে নেবেন, যা তাঁদের ‘চরিত্র’ ধ্বংস করবে। এএফপি।