মিয়ানমারের তিন সেনার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সংঘাতবিক্ষুব্ধ কাচিন প্রদেশে গত শুক্রবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন সেনাসদস্য নিহত হয়েছেন।রাষ্ট্রীয় গণমাধ্যমে গতকাল রোববার বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে হেলিকপ্টারটির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বিদ্রোহীদের দাবি, তাদের গুলিতে এটি ভূপাতিত হয়েছে। তবে দুই পক্ষের কারও বক্তব্যই নিরপেক্ষ সূত্রের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি। ইংরেজি দৈনিক নিউ লাইট অব মিয়ানমার জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে দ্রুত অবতরণ করতে গিয়ে হেলিকপ্টারটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে দেশের জন্য প্রাণ বিসর্জন যায় দুজন বৈমানিক ও একজন ফ্লাইট সার্জেন্টের।১৭ বছরের যুদ্ধবিরতি ভেঙে ২০১১ সালের জুনে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) ও সেনাবাহিনীর মধ্যে নতুন করে লড়াই শুরু হয়। গত ডিসেম্বর থেকে লড়াইয়ের ব্যাপকতা বৃদ্ধি পায়। বিদ্রোহীদের দমনে সেনাবাহিনী বিমান হামলা চালাচ্ছে। সম্প্রতি এর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।কেআইএ বিদ্রোহীদের রাজনৈতিক শাখার মুখপাত্র জেমস লুম দাউ দাবি করেন, হেলিকপ্টারটি হামলা ও সেনাসদস্যদের পরিবহনে ব্যবহূত হয়েছে। কেআইএর যোদ্ধারা গুলি চালিয়ে এটি বিধ্বস্ত করেছে। তিনি বলেন, ‘হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেনি। সত্যটা হলো, এটি ভূপাতিত করা হয়েছে।’যুদ্ধ ছড়িয়ে পড়ার পর চীন সীমান্তবর্তী কাচিন প্রদেশ থেকে ইতিমধ্যে হাজার হাজার লোক পালিয়েছে। এতে ঢাকা পড়েছে দেশটির সাম্প্রতিক গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম। এএফপি।