মিয়ানমারের দাঙ্গার ঘটনা তদন্তে ওআইসিকে আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে সম্প্রতি সংঘটিত সাম্প্রদায়িক জাতিগত দাঙ্গার ঘটনায় মুসলিম রাষ্ট্রগুলোর জোট ওআইসিকে তদন্তের আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। দাঙ্গায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের পক্ষে ব্যবস্থা না নেওয়ায় সরকারের বিরুদ্ধে যে সমালোচনার ঝড় উঠেছে, তা থামানোর চেষ্টাই এ পদক্ষেপের লক্ষ্য বলে মনে করা হচ্ছে।সহিংসতার ওই ঘটনায় বিরল আপসমূলক প্রচেষ্টার অংশ হিসেবে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন বলেন, মুসলিম দেশগুলোর বৃহত্তম জোট ওআইসির কোনো প্রতিনিধিদল তাঁর দেশে এলে তিনি তাঁকে স্বাগত জানাবেন। এর আগে দেশটির বৌদ্ধ রাখাইন সম্প্রদায় ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে সহিংসতার ঘটনা তদন্তে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল এ জোট। সহিংসতায় শতাধিক মানুষ প্রাণ হারায়।রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকা নিউ লাইট অব মিয়ানমার বলেছে, প্রেসিডেন্ট থেইন আশা প্রকাশ করেছেন, ওআইসি মহাসচিব পরিস্থিতি পর্যবেক্ষণে এলে বাস্তব অবস্থা অনুধাবন করতে পারবেন। এ ছাড়া সহিংসতায় গৃহহীন উভয় পক্ষের লক্ষাধিক মানুষকেই খাদ্য ও আশ্রয় দেওয়া হয়েছে।মিয়ানমার সফররত মুসলিমপ্রধান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দাঙ্গাবিধ্বস্ত রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তার প্রস্তাব দেওয়ার পর প্রেসিডেন্ট থেইনের এমন মন্তব্য পাওয়া গেল। থেইন সেইন ওআইসির কাছে প্রকৃত অবস্থা তুলে ধরার জন্যও তুর্কি মন্ত্রীকে আহ্বান জানিয়েছেন। এএফপি।