মিয়ানমারের দাঙ্গার পেছনে আছে ভয়: সু চি

মিয়ানমারে চলমান মুসলিমবিরোধী সহিংসতা ও হত্যাযজ্ঞের নিন্দা না জানিয়ে দেশটির বিরোধীদলীয় নেতা অং সান সু চি বলেছেন, দাঙ্গার মূল কারণ ভয়।
‘দ্য গার্ডিয়ান’-এর এক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার বলা হয়, মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন প্রদেশে গত এক বছরে বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে সংঘর্ষে কয়েক শ মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় দেড় লাখ মানুষ উদ্বাস্তু হয়ে গেছে।
দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে দাঙ্গা। দাঙ্গা দমনে এবং মুসলমানদের জানমাল রক্ষায় ব্যর্থতার কারণে দেশটির সরকার আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে পড়েছে। তবে দীর্ঘ এ সংঘাতের বিরুদ্ধে কোনো অবস্থান না নেওয়ার কারণে শান্তিতে নোবেলজয়ী সু চিও তীব্র নিন্দার সম্মুখীন হচ্ছেন। দেশটির ছয় কোটি মানুষের অন্তত চার শতাংশ মুসলিম।
আজ বৃহস্পতিবার বিবিসি রেডিও ফোরকে দেওয়া সাক্ষাত্কারে সু চি দাবি করেন, তাঁর দেশে কোনো জাতিবিদ্বেষী তত্পরতা জারি নেই এবং সংঘর্ষে লিপ্ত দুপক্ষই প্রচণ্ড আতঙ্কে আছে।
সু চি বলেন, ‘এ সমস্যার শুরু গত বছরে এবং তাতে দুপক্ষই ভয় পেয়ে যায়। শুধু মুসলিমেরাই ভয় পাচ্ছে এমনটা নয়, বরং বৌদ্ধরাও ভয় পাচ্ছে। হয়তো মুসলিমেরা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, কিন্তু বৌদ্ধরাও সহিংসতার শিকার। ... বিশ্বজুড়ে মুসলমানদের ক্ষমতা অনেক এবং নিশ্চিতভাবে তাদের নিয়ে বিশ্বজুড়ে যে ধরনের ধারণা আছে, আমাদের দেশেও তা-ই আছে।’
মিয়ানমারের দাঙ্গার কারণ হিসেবে বিশেষজ্ঞরা জাতিবিদ্বেষ বা অর্থনৈতিক আধিপত্য বিস্তারকে চিহ্নিত করলেও আজ সু চি তা কার্যত অস্বীকার করেন।
দেশের সামরিক সরকারের বিরুদ্ধাচরণ করার দায়ে প্রায় ২০ বছর গৃহবন্দী থেকেছেন সু চি। তিনি এখন ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড সফর করছেন। তিনি ওই অঞ্চলে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য কাজ করছেন।
মিয়ানমারের দাঙ্গাকারী বৌদ্ধনেতা ও ‘বর্মি ওসামা বিন লাদেন’ নামে পরিচিত ভিক্ষু ভিরাথুর নিন্দা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে সু চি বলেন, ‘আমি সব ধরনের ঘৃণার বিরোধী।’ এর আগে ভিরাথু মুসলিমদের ‘বর্বর ও অসভ্য’ বলে চিহ্নিত করেছিলেন এবং মুসলিম নিধনে বৌদ্ধদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
মুসলিমদের ওপর চালানো নির্যাতনের বিরোধিতা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে সু চি কেবল বলেন, ‘আমি ঘৃণা ও উগ্রবাদ থেকে উদ্ভূত সব তত্পরতার নিন্দা করি।’
মিয়ানমারে মুসলিমবিদ্বেষী অনুভূতি দেশটির জাতীয়তাবাদ ও সংখ্যাগরিষ্ঠের ধর্মের সঙ্গে সম্পর্কিত বলে রাজনীতিকেরা এ বিষয়ে মুখ খুলতে সাহস করেন না।
সাক্ষাত্কার গ্রহণকারী দাঙ্গা নিয়ে আরও প্রশ্ন করলে সু চি বিরক্ত হন। তিনি বলেন, এ নিয়ে কোনো কিছু জানার থাকলে যেন মিয়ানমারের সরকারকে প্রশ্ন করা হয়, তাঁকে নয়।