মিয়ানমারের নতুন নির্বাচনী আইন নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক
মিয়ানমারের ওপর গত বুধবার রুদ্ধদ্বার বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকে জান্তাশাসিত দেশটির নির্বাচনী প্রক্রিয়া মূল্যায়ন করা ১৫ জাতির এই কাউন্সিলের পক্ষে ঠিক হবে কি না, এ নিয়ে ব্রিটেন ও চীনের মধ্যে বিতর্ক হয়েছে।জাতিসংঘ সদর দপ্তরে কথিত ‘গ্রুপ অব ফ্রেন্ডস অব মিয়ানমার’-এর বৈঠকের আগে নিরাপত্তা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হলো।জাতিসংঘে ব্রিটিশ রাষ্ট্রদূত মার্ক লায়াল গ্রান্ট বলেন, মিয়ানমারের নতুন নির্বাচনী আইন নিয়ে নিরাপত্তা পরিষদের কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন-প্রক্রিয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যা আশা করে, ওই নির্বাচনী আইনে তা নেই। এ ছাড়া কাউন্সিলের পূর্ববর্তী বিবৃতিতে যেসব আশাবাদ ব্যক্ত করা হয়েছিল তাও নেই।ব্রিটিশ রাষ্ট্রদূত আরও বলেন, জাতীয় সংলাপ প্রতিষ্ঠা ও পুনর্মিত্রতার জন্য যথাযথ পরিবেশ সৃষ্টি করতে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ সব রাজনৈতিক বন্দীর মুক্তির ব্যাপারে আবারও গুরুত্ব আরোপ করেছে নিরাপত্তা পরিষদ।কিন্তু জাতিসংঘে চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত লি বাওডোং জোর দিয়ে বলেন, মিয়ানমার একটি সার্বভৌম দেশ। দেশটির আসন্ন সাধারণ নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। এখানে নিরাপত্তা পরিষদের নাক গলানো ঠিক হবে না। উল্লেখ্য, ২০ বছরের মধ্যে মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।চীনা রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারের মতো দরিদ্র দেশের পক্ষে নির্বাচন অনুষ্ঠান করা সহজ কাজ নয়। তবে জাতীয় পুনর্মিত্রতা ও গণতন্ত্রের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।কিন্তু মিয়ানমারের নির্বাচনী আইনের বিষয়ে নাক গলানো নিরাপত্তা পরিষদের জন্য ঠিক হবে না, এ অভিমতের সঙ্গে দ্বিমত পোষণ করে ব্রিটেন। ব্রিটিশ রাষ্ট্রদূত লায়াল গ্রান্ট সাংবাদিকদের বলেন, ‘আমরা এর সঙ্গে একমত নই।’তিনি বলেন, তাঁদের বিশ্বাস, ওই আইন চলতি বছর অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়ক হবে না। মনে হচ্ছে অং সান সু চি ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) লক্ষ্য করে ওই আইন প্রণয়ন করা হয়েছে। নির্বাচনের জন্য দলের নিবন্ধন তাদের জন্য খুবই কঠিন হবে।মিয়ানমারের নতুন নির্বাচনী আইন অনুযায়ী কারাদণ্ড পাওয়া কেউ কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। এএফপি।