মিয়ানমারের নির্বাচনে জয়লাভের দাবি জান্তা-সমর্থিত দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সামরিক জান্তা-সমর্থিত রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) সাধারণ নির্বাচনে জয়ীহয়েছে বলে দাবি করেছে। ইউএসডিপির দাবি, তারা ৮০ ভাগ আসনে জয় পেয়েছে। জান্তাশাসিত দেশটিতে গত রোববার ২০ বছরের মধ্যে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফল সরকারিভাবে ঘোষণা করা হয়নি।এদিকে নির্বাচনকে কেন্দ্র করে থাই সীমান্তবর্তী মিয়াওয়াড্ডি শহরে সরকারি সেনাদের সঙ্গে সংখ্যালঘু কারেন বিদ্রোহীদের সংঘর্ষের কারণে অন্তত ২০ হাজার মানুষ থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে। প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, সংঘর্ষে অন্তত দশজন নিহত হয়।ইউএসডিপি নির্বাচনে জয়লাভের দাবি করলেও সরকারিভাবে কবে বা কখন ফল ঘোষণা করা হবে, তা নিশ্চিত নয়। নাম প্রকাশ না করার শর্তে দলটির জ্যেষ্ঠ এক নেতা দাবি করেন, ‘আমরা শতকরা ৮০ ভাগ আসনে জয়লাভ করেছি। আমরা খুশি।’ ইউএসডিপির এ দাবি করার অনেক কারণের মধ্যে একটি হলো, অনেক আসনেই গণতন্ত্রপন্থী কোনো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।ইউএসডিপির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী থেইন সেইনসহ নির্বাচনে অংশগ্রহণকারী সাবেক সেনা কর্মকর্তাদের দাবি, অনেক ভোটকেন্দ্রে শোরগোল হলেও শতকরা ৭০ ভাগ ভোট পড়েছে।নির্বাচনে অংশগ্রহণকারী গণতন্ত্রপন্থী কিছু দলের প্রার্থী নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছেন। অন্তত ছয়টি দলের নেতারা নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে অভিযোগ করেছেন।গতকাল মঙ্গলবারও সরকারি সেনাদের সঙ্গে কারেন বিদ্রোহীদের সংঘর্ষ হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মিয়াওয়াড্ডির স্থানীয় একজন বাসিন্দা জানান, ডেমোক্রেটিক কারেন বুডিস্ট আর্মির (ডিকেবিএ) সদস্যদের সঙ্গে সরকারি সেনাদের সংঘর্ষ চলছে। তিনি বলেন, মনে হয়, ডিকেবিএকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত সরকারি সেনারা অভিযান চালিয়ে যাবে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, ব্যাপক গুলিবর্ষণে সরকারি অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় নিহত অন্তত দশজনকে তিনি হাসপাতালে দেখতে পেয়েছেন।থাইল্যান্ডের টাক প্রদেশের গভর্নর সামার্ড লোয়ফার বলেন, মিয়ানমারের অন্তত ১৫ হাজার নাগরিক মায়ে সট শহরে আশ্রয় নিয়েছে। তাদের বেশির ভাগ গত সোমবার সীমান্ত পার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করে। মঙ্গলবারও প্রায় ২০০ জন এসেছে। থাই সেনাবাহিনীর আঞ্চলিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওয়ানথিপ ওয়াঙ্গাই বলেন, ‘আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সবুজ সংকেতের অপেক্ষায় আছি। সংকেত পেলেই তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।মিয়ানমারের একতরফা নির্বাচনকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছে পশ্চিমা বিশ্ব। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হওয়ায় এর নিন্দাও জানানো হয়। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন।মিয়ানমারে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। এর আগে তাঁর দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) বিলুপ্ত ঘোষণা করে সামরিক জান্তা। এর পরও কিছু বিশ্লেষক নির্বাচনকে মিয়ানমারে গণতন্ত্রের প্রক্রিয়া শুরু হওয়ার পথ হিসেবে দেখছেন।মিয়ানমারের দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের সব কটি আসনেই নির্বাচন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ১৪টি প্রাদেশিক পরিষদেও নির্বাচন হয়েছে। এই নির্বাচনে অন্তত ৪০টি দল অংশ নেয়। উল্লেখ্য, পার্লামেন্টের উভয় কক্ষে ২৫ শতাংশ আসন সেনা কর্মকর্তাদের জন্য সংরক্ষিত রয়েছে। এএফপি, বিবিসি।