মিয়ানমারের বিরুদ্ধে আরও শাস্তি

  • মিয়ানমার পরিস্থিতি নিয়ে একটি সম্মেলনের আয়োজন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

  • ২০১৭ সালে রাখাইনে সেনা অভিযানে ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
ফাইল ছবি: রয়টার্স

রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত ‘গণহত্যার’ অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও কী ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যায়, সেই বিষয়ে সক্রিয়ভাবে চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র। মালয়েশিয়া সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার এই মন্তব্য করেন।

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় সফর শুরু করেছেন ব্লিঙ্কেন। ইন্দোনেশিয়া সফরের পর তিনি এখন মালয়েশিয়ায় অবস্থান করছেন। সফরকালে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহকে ব্লিঙ্কেন বলেন, মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে আরও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছে ওয়াশিংটন। এ জন্য আগামী বছর সুবিধাজনক সময়ে মিয়ানমার পরিস্থিতি নিয়ে একটি সম্মেলনের আয়োজন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সম্মেলনে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্যদেশগুলোকে আমন্ত্রণ জানানো হবে।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখতে আসিয়ানের গুরুত্ব রয়েছে। আগামী বছর এই জোটের সদস্যদেশগুলোর সঙ্গে সম্মেলন করবে যুক্তরাষ্ট্র। এ সময় মিয়ানমারের বিরুদ্ধে আরও পদক্ষেপের বিষয়ে আলোচনা হতে পারে।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ বলেন, আগামী ১৯ জানুয়ারি বৈঠকে বসছেন আসিয়ানের সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ওই বৈঠকে বাইডেনের সঙ্গে সম্মেলনের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা করা হতে পারে।

সেনা অভিযানের মুখে ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। এ সময় রাখাইনে ব্যাপক হত্যা-ধর্ষণের অভিযোগ ওঠে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে। চলতি বছরের শুরুতে রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ব্লিঙ্কেনের পূর্বসূরি মাইক পম্পেও রাখাইনে এসব হত্যা-ধর্ষণের ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চেয়েছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্তাব্যক্তিরা এই বিষয়ে আরও তদন্তের পক্ষে ছিলেন।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটায় মিয়ানমারের সেনাবাহিনী। এ সময় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ বেসামরিক সরকারের প্রভাবশালী ব্যক্তিদের আটক করা হয়। অভ্যুত্থানের পর থেকে রাজপথে সেনাশাসনবিরোধী বিক্ষোভ করছে মিয়ানমারের মানুষ। দেশটিতে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ১ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর নেতৃত্ব ও ব্যবসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।