মিয়ানমারের বিরুদ্ধে হুমকি ইন্দোনেশিয়ার বশিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন অব্যাহত থাকলে দেশটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলে হুমকি দিয়েছেন ইন্দোনেশিয়ায় কারাবন্দী কট্টর ইসলামপন্থী নেতা আবু বকর বশির। মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনকে লেখা একটি চিঠিতে তিনি এ হুমকি দেন।ইন্দোনেশিয়ায় আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিতি পাওয়া আবু বকর বশির সন্ত্রাসী কর্মকাণ্ডে তহবিল জোগান দেওয়ার দায়ে বর্তমানে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন। গত ২২ জুলাই থেইন সেইনের উদ্দেশে চিঠিতে তিনি লিখেছেন, ‘আপনার অশুভ কর্মকাণ্ড ও নির্যাতনের শিকার মুসলিমদের আর্তনাদ আমরা শুনেছি। আপনি মুসলিমদের হত্যা করেছেন এবং বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছেন। আমাদের প্রভু আল্লাহর আহ্বান অবহেলা করা হলে মুজাহিদিন সেনাদের হাতে দাম্ভিক ও অহংকারী দেশগুলোর পতন হবে। আমরা মুসলিমদের ভাই। মুসলিমদের যন্ত্রণা আমাদেরও যন্ত্রণা, তাঁদের দুঃখ আমাদেরও দুঃখ। এবং তাঁদের যে রক্ত আপনি ঝরাচ্ছেন, তা আমাদেরও রক্ত। আল্লাহ চাইলে আমরা আপনাকে ও আপনার জনগণকে ধ্বংস করে দিতে পারি।’চিঠিটি জাকার্তায় মিয়ানমার দূতাবাসে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জেমাহ আনশোরাত তৌহিদের (জেএটি) মুখপাত্র সন হাদি। তবে ওই দূতাবাস থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।ইন্দোনেশিয়ার কট্টরপন্থী শতাধিক মুসলিম গতকাল শুক্রবার মিয়ানমার দূতাবাসের সামনে মুসলিম নির্যাতনবিরোধী বিক্ষোভ করে। একজন বক্তা এ সময় বলেন, মিয়ানমারের চলমান গণহত্যা বন্ধে জিহাদই হতে পারে একমাত্র উপায়। মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গত জুনে জাতিগত সহিংসতায় ৮০ জন নিহত ও হাজার হাজার মানুষ বাড়িছাড়া হয়। এএফপি।