মিয়ানমারের ভিক্ষুদের সহিংসতা বন্ধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের জ্যেষ্ঠ বৌদ্ধ ভিক্ষুরা মুসলিম-বৌদ্ধ সহিংসতা বন্ধ করে শান্তির জন্য আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার সঙ্গে কোনো কোনো বৌদ্ধ ভিক্ষুর সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা। গত বৃহস্পতিবার মিয়ানমারের প্রায় ২০০ জ্যেষ্ঠ বৌদ্ধ ভিক্ষু ইয়াঙ্গুনের কাছে একটি মঠে এক সম্মেলনে মিলিত হন। দুই দিনব্যাপী আলোচনা শেষে গতকাল শুক্রবার ওই বিবৃতি দেন তাঁরা। ভিক্ষুরা তাঁদের ‘ভাবমূর্তি ক্ষুণ্ন করার’ জন্য সংবাদমাধ্যমকে দায়ী করেন। বিবৃতিতে বলা হয়, সব বৌদ্ধধর্মাবলম্বী মানুষ ও ধর্মীয় নেতা কোনো সহিংসতা ছাড়া শান্তিতে বসবাস করতে চান। মিয়ানমারের জনগণও শান্তিতে বসবাস নীতি সমর্থন করে। উল্লেখ্য, মিয়ানমারে দুই বছর আগে সামরিক জান্তার শাসন অবসানের পর দেশজুড়ে মুসলিম ও বৌদ্ধদের মধ্যে সহিংসতা শুরু হয়। সাম্প্রদায়িক সহিংসতার শিকারদের বেশির ভাগই সংখ্যালঘু মুসলিম। সাংবাদিকদের অনেকে বলেছেন, গত মার্চের দাঙ্গায় কিছুসংখ্যক বৌদ্ধ ভিক্ষু সংশ্লিষ্ট ছিলেন। জ্যেষ্ঠ ভিক্ষু ধামাপিয়া সম্মেলনে স্বীকার করেন, কিছুসংখ্যক ভিক্ষু দাঙ্গায় অংশ নেন। তবে তিনি দাবি করেন, দাঙ্গা বন্ধ করতে সচেষ্ট থাকা অনেক ভিক্ষুকেও সংবাদমাধ্যমে দাঙ্গাকারী হিসেবে দেখানো হয়েছে। এএফপি।